কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম

জয়পুরহাট জেলা প্রতিনিধি : আব্দুল কাদের

জয়পুরহাটের কালাইয়ে মেয়ে-জামাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নুর বানু (৪৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার ২৩ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পুনট কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেল চালক আব্দুর রাজ্জাক ও আরোহী শাকিলকে আটক করেছে পুলিশ। তাদের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়াপাড়া গ্রামে।

নিহত নুর বানু বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হায়বত আলীর মেয়ে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, নুর বানু গত রোববার বিকেলে কালাই উপজেলার নান্দাইলদিঘী গ্রামে মেয়ে-জামাই এনামুল হকের বাড়িতে বেড়াতে আসেন।

সোমবার দুপুর ১২টার দিকে খাওয়া-দাওয়া শেষে নিজ বাড়ি শিবগঞ্জে ফেরার উদ্দেশ্যে বের হন তিনি।

দুপুর সাড়ে ১২টার দিকে পুনট কোল্ড স্টোরেজের সামনে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে পাকা সড়কে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই স্থানীয় জনতা মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

জনতার হাতে আটক দুই মোটরসাইকেল আরোহীকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com