নৌপথে ‘পণ্য বিনিময়’ চোরাচালান: চট্টগ্রামের ঘাট দিয়ে যাচ্ছে সার-সিমেন্ট, ফিরতি ট্রলারে ঢুকছে ইয়াবা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৩ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

দিনের আলোয় যেসব ঘাটে মাছ ধরার ট্রলার কিংবা পণ্যবাহী কার্গো বোট অলস ভেড়ানো থাকে, রাত নামতেই সেগুলোর চরিত্র বদলে যায়। চট্টগ্রাম উপকূলের মিরসরাই, সীতাকুণ্ড, হালিশহর, পতেঙ্গা থেকে শুরু করে কর্ণফুলী চ্যানেল ও বাঁশখালী—দীর্ঘ এই উপকূলীয় জলসীমা এখন দ্বিমুখী চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক অভিযান ও জব্দকৃত পণ্যের পরিসংখ্যান বিশ্লেষণ করে একটি ভয়াবহ ‘পণ্য বিনিময়’ (Barter) নেটওয়ার্কের চিত্র উঠে এসেছে। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা ও অবকাঠামোগত সংকটকে পুঁজি করে বাংলাদেশ থেকে নৌপথে পাচার হচ্ছে ভর্তুকির ইউরিয়া সার ও নির্মাণসামগ্রী সিমেন্ট। আর এই পণ্যের মূল্য পরিশোধের মাধ্যম হিসেবে ফিরতি ট্রলারে করে দেশে ঢুকছে লাখ লাখ পিস ইয়াবা।

উপকূলজুড়ে পাচারের সক্রিয় করিডোর

গত তিন মাসের (সেপ্টেম্বর থেকে নভেম্বর ২০২৬) অভিযান পর্যালোচনায় দেখা যায়, চট্টগ্রাম উপকূলের উত্তরে মিরসরাইয়ের ইছাখালী ও জোরারগঞ্জ থেকে শুরু করে দক্ষিণে বাঁশখালীর খানখানাবাদ পর্যন্ত অন্তত ছয়টি পয়েন্ট এখন চোরাকারবারিদের প্রধান ট্রানজিট।

এই সময়ে কোস্ট গার্ড ও পুলিশের পৃথক অভিযানে পতেঙ্গা, কর্ণফুলী নদী ও বাঁশখালী এলাকা থেকে প্রায় ১৭৪ টন (৩,৪৮০ বস্তা) সিমেন্ট এবং মিরসরাই, সীতাকুণ্ড ও হালিশহর উপকূল থেকে প্রায় ১৫৪ টন (৩,০৮০ বস্তা)  ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এসব ঘটনায় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন অন্তত ২৮ জন।

 

যেভাবে চলছে ইয়াবা কারবা:

তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও সাম্প্রতিক অভিযানের তথ্য বলছে, মিয়ানমারে ব্যাংকিং ও মুদ্রা লেনদেনে জটিলতা থাকায় চোরাকারবারিরা নগদ অর্থের বদলে পণ্য বিনিময় পদ্ধতি বেছে নিয়েছে।

রুট-১ (উত্তর চট্টগ্রাম উপকূল): দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে ভর্তুকির ইউরিয়া সার এনে মিরসরাইয়ের ইছাখালী ও সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে মজুত করা হয়। ২৪-২৫ সেপ্টেম্বর ইছাখালী ঘাটে ৪টি ট্রাক ও ট্রলারসহ ৪৮ টন এবং ১০ সেপ্টেম্বর বাঁশবাড়িয়া ঘাটে ৩৫ টন সার জব্দ হওয়ার ঘটনা প্রমাণ করে, সড়ক ও নৌপথের একটি সুসংগঠিত সিন্ডিকেট এখানে কাজ করছে।

রুট-২ (কর্ণফুলী ও পতেঙ্গা চ্যানেল): পতেঙ্গার চরপাড়া ও ১৮ নম্বর ঘাট এবং কর্ণফুলী চ্যানেল ব্যবহার করে কার্গো বোটে তোলা হচ্ছে সিমেন্ট। ১০ নভেম্বর পতেঙ্গায় ৭০ টন এবং ১৭ নভেম্বর ৩৭.৫ টন সিমেন্ট জব্দের ঘটনায় দেখা গেছে, বড় ট্রলারগুলো সরাসরি গভীর সমুদ্রে গিয়ে মিয়ানমারের ট্রলারে পণ্য হস্তান্তর করে।

ফিরতি পথে মাদকের চালান:যেসব বোট ও ট্রলার সার-সিমেন্ট নিয়ে মিয়ানমার জলসীমায় যায়, সেগুলো খালি হাতে ফেরে না। গভীর সমুদ্রে হাতবদল হয়ে ফিরতি পথে সেগুলোতে তুলে দেওয়া হয় ইয়াবার চালান।

পরিসংখ্যানে দ্বিমুখী পাচারের চিত্র (আগস্ট – নভেম্বর ২০২৬)

| পণ্যের ধরন | প্রধান রুট / এলাকা | জব্দকৃত পরিমাণ | গ্রেপ্তার |

সিমেন্ট (পাচারকালে) পতেঙ্গা, কর্ণফুলী নদী, বাঁশখালী | প্রায় ১৭৪ টন (৩,৪৮০ বস্তা) | ৮ জন |

ইউরিয়া সার (পাচারকালে)| মিরসরাই, সীতাকুণ্ড, হালিশহর | প্রায় ১৫৪ টন (৩,০৮০ বস্তা) | ২০ জন |

ইয়াবা (চট্টগ্রাম উপকূল ও বহির্নোঙর)| চট্টগ্রাম বহির্নোঙর, মিরসরাই, সীতাকুণ্ড, আনোয়ারা | ৩,২২,৩৭৫ পিস | ৬ জন |

ইয়াবা (মূল নৌ-করিডোর)| নাফ নদী ও সেন্টমার্টিন চ্যানেল | ৪,৪২,০০০ পিস | ১ জন |

 কৃষি ও অর্থনীতিতে দ্বিগুণ আঘাত

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহলের মতে, এই চোরাচালান দেশের অর্থনীতি ও সমাজে দ্বিমুখী ক্ষতি করছে:

১. কৃষি খাতে সংকট: সরকার কৃষকদের জন্য বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে ইউরিয়া সার আমদানি ও উৎপাদন করে। মিরসরাই ও সীতাকুণ্ড উপকূল দিয়ে যেভাবে শত শত টন সার পাচার হচ্ছে, তাতে ভরা মৌসুমে স্থানীয় কৃষকদের মধ্যে কৃত্রিম সংকট ও সারের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

২. মাদকের বিস্তার:স্থলপথে কড়াকড়ি বাড়ায় মাদক কারবারিরা এখন সরাসরি সমুদ্রপথ ব্যবহার করে চট্টগ্রামের উপকূলীয় ঘাটগুলোতে ইয়াবা নামাচ্ছে। গত তিন মাসে কেবল চট্টগ্রাম বহির্নোঙর এবং মিরসরাই, সীতাকুণ্ড ও আনোয়ারা উপকূল-সংলগ্ন এলাকা থেকেই ৩ লাখ ২২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার হওয়া তারই প্রমাণ।

নেপথ্যের হোতারা ধরাছোঁয়ার বাইরে ও প্রশাসনের বক্তব্য

অভিযানে ট্রাকচালক, ট্রলারের মাঝি কিংবা শ্রমিক পর্যায়ের লোকজন গ্রেপ্তার হলেও মূল অর্থলগ্নিকারী ও সিন্ডিকেট প্রধানরা রয়ে যাচ্ছেন আড়ালে। স্থানীয়দের অভিযোগ, উপকূলীয় এলাকার কিছু অসাধু সার ডিলার ও ঘাট ইজারাদারের যোগসাজশ ছাড়া রাতে এভাবে ট্রাক থেকে ট্রলারে শত শত টন পণ্য ওঠানো সম্ভব নয়।

সাম্প্রতিক বিভিন্ন অভিযানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা গণমাধ্যমকে এই পাচার রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন:

কোস্ট গার্ড পূর্ব জোনের বক্তব্য: পতেঙ্গা ও সীতাকুণ্ড উপকূলে বিপুল পরিমাণ সার ও সিমেন্ট জব্দের পর কোস্ট গার্ড পূর্ব জোনের (চট্টগ্রাম) মিডিয়া কর্মকর্তা গণমাধ্যমকে জানান, "মিয়ানমারে চলমান সংকটের সুযোগ নিয়ে একটি অসাধু চক্র দেশের ভর্তুকির সার ও সিমেন্ট সাগরপথে পাচারের চেষ্টা করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। পাচারের পাশাপাশি ফিরতি পথে মাদক অনুপ্রবেশ ঠেকাতেও উপকূলীয় ঘাটগুলোতে কঠোর নজরদারি রাখা হচ্ছে।"

 জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসনের অবস্থান:মিরসরাই ও বাঁশখালীতে পাচারকালে সার-সিমেন্ট জব্দের ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমকে বলেন, "উপকূলীয় থানাগুলোকে রাতের বেলা সন্দেহজনক ট্রাক ও পণ্যবাহী যানের ওপর বিশেষ তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল অর্থলগ্নিকারী ও স্থানীয় ডিলারদের শনাক্ত করার কাজ চলছে।"

 কৃষি বিভাগের সতর্কতা:ভর্তুকির সার পাচার প্রসঙ্গে চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, "কৃষকের জন্য বরাদ্দকৃত সার যাতে কোনোভাবেই ডিলার পয়েন্ট থেকে পাচারকারীদের হাতে না যায়, সেজন্য উপজেলা পর্যায়ের মনিটরিং কমিটিগুলোকে সক্রিয় করা হয়েছে। কোনো ডিলারের সম্পৃক্ততা পাওয়া গেলে তার লাইসেন্স বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

সচেতন মহল মনে করছে, কেবল ঘাটে অভিযান চালিয়ে এই চক্র দমন করা সম্ভব নয়। সারের ডিলার পর্যায়ে কঠোর নজরদারি, রাতের বেলা উপকূলীয় ঘাটগুলোতে ট্রাক প্রবেশের ওপর নিয়ন্ত্রণ এবং গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে মূল হোতাদের আইনের আওতায় আনলেই কেবল এই ‘পণ্য বিনিময়’ চোরাচালান বন্ধ করা সম্ভব।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com