ইউনিয়ন পরিষদের প্রধান ফটকে আওয়ামী লীগের পোস্টার, ওসির বক্তব্যে সমালোচনা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম

মোঃ মোস্তাকিন হোসেন ধামইরহাট উপজেলা প্রতিনিধি (নওগাঁ):

নওগাঁর ধামইরহাট উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের প্রধান ফটকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পোস্টার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে নানা আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর (রবিবার) রাতের কোনো এক সময়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ইউনিয়ন পরিষদের মেইনগেটে পোস্টারটি লাগিয়ে যায়। পরদিন সকালে স্থানীয়দের নজরে এলে বিষয়টি এলাকায় জানাজানি হয় এবং এ নিয়ে আলোচনা তৈরি হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই পোস্টারে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারের পাশাপাশি ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হালিমুজ্জামান আলালের ছবি ব্যবহার করা হয়েছে। এ ধরনের আরও তিন থেকে চারটি পোস্টার ইউনিয়নের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। পোস্টারগুলোতে “শেখ হাসিনা আসবে বাংলাদেশে হাসবে” শীর্ষক স্লোগান লেখা রয়েছে। তবে রাতের আঁধারে কারা এসব পোস্টার লাগিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সোমবার (২৩ নভেম্বর ২০২৬) স্থানীয় সাংবাদিকরা ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপারের (এসপি) অনুমতি ছাড়া তিনি কোনো মন্তব্য করতে পারবেন না।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা চললেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com