শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হার্নিয়া রোগীর সফল অস্ত্রোপচার, চিকিৎসাসেবায় নতুন দৃষ্টান্ত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে হার্নিয়াজনিত সমস্যায় ভোগা এক পুরুষ রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। 

সোমবার (২৩ নভেম্বর) হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও পরীক্ষা-নিরীক্ষা শেষে অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করেন চিকিৎসকদের একটি দল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হার্নিয়ার সমস্যায় ভুগছিলেন ওই রোগী। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা ও অস্ত্রোপচার-পূর্ব বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রোগীর শারীরিক অবস্থা অস্ত্রোপচারের উপযোগী হওয়ায় নির্ধারিত সময়ে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরে চিকিৎসকদের দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টায় সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচারে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. আহমেদ কবির চৌধুরী। অস্ত্রোপচারকালে তাকে সহযোগিতা করেন মেডিকেল অফিসার ও এমওডিসি ডা. মোঃ আল নাফিস। রোগীকে অ্যানেস্থেসিয়া প্রদান করেন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) ডা. বাসুদেব দাস।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচার শেষে রোগীকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা সন্তোষজনক রয়েছে। অস্ত্রোপচার-পরবর্তী প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সরা নিয়মিত তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় রোগীদের জন্য উপজেলা পর্যায়েই উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়ল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে জটিল বা অস্ত্রোপচার প্রয়োজন এমন রোগীদের দূরের হাসপাতালে যাওয়ার চাপও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, চিকিৎসক সংকট, সীমিত জনবল ও নানা ধরনের প্রতিকূলতার মধ্যেও হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলা পর্যায়ে মানুষের কাছে প্রয়োজনীয় ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি অস্ত্রোপচার কার্যক্রমও চালু রাখার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, রোগীদের চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছেন। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com