সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন: আমির খসরু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
সশস্ত্র বাহিনী দিবসকে জাতীয় জীবনের ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন হিসেবে অভিহিত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দিনটি দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় প্রত্যেকের নিজ নিজ দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়।
শনিবার (২১ নভেম্বর) নগরের পতেঙ্গায় বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সশস্ত্র বাহিনী দিবস দেশের প্রতিরক্ষা সক্ষমতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং জাতীয় আত্মবিশ্বাসের প্রতীক। দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমসহ বিশ্বের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ভবিষ্যতেও তাঁরা এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করে। সশস্ত্র বাহিনীর এই সম্মিলিত প্রতিরোধ ও অভিযান মুক্তিযুদ্ধকে আরও বেগবান করে এবং চূড়ান্ত বিজয় অর্জনের পথ সুগম করে।
তিনি আরও বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করতে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, জেলার বিভিন্ন সংসদীয় এলাকার সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।