যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

যবিপ্রবি প্রতিনিধি: রাকিবুল হাসান

যশোর: ২৪ নভেম্বর ২০২৬ খ্রি.

আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান, দোয়া মাহফিল এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের এফবি বিভাগের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগটির আয়োজনে অন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও রানার আপ দলকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের সঠিক পথ ও সততা অবলম্বনের আহবান জানিয়ে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “জীবনে সফল হতে হলে সত্য ও সঠিক পথ বেছে নিতে হবে। কর্মজীবনে সর্বোচ্চ সততা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। বিশ্ববিদ্যালয় হলো সারা বিশ্বের বাসস্থান, যেখানে নানা ধরনের অভিজ্ঞতা ও পথের সম্মুখীন হতে হয়; সেখান থেকে সঠিক পথ বেছে নেওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত তোমাদের। তিনি আরও বলেন, স্বল্প সময়ে শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ প্রয়াসে বিশ্ববিদ্যালয়টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, এ তিনটি বিষয়ে প্রশাসন অনড় এবং সবার সহযোগিতা কামনা করেন।”

এফবি বিভাগের চেয়ারম্যান এ. এইচ. এম. শাহারিয়ার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. ইমরান শেখ, ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, এফবি বিভাগের প্রভাষক রুহুল কুদ্দুস, মো. শাহনুর রহমানসহ প্রমুখ। অনুষ্ঠানে এফবি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় এফবি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com