চট্টগ্রামে দলিল জালিয়াতির মামলায় আইনজীবী কারাগারে

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:১২ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামে দলিল জালিয়াতির মামলায় এডভোকেট সৈয়দ জান-ই আলম (৫৯) নামে এক আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক আবুল মনসুর শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার একমাত্র আসামি সৈয়দ জান-ই আলম চট্টগ্রামের বাকলিয়া থানার ১৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বাকলিয়ার ওয়াইজার পাড়ার বাসিন্দা। তাঁর পিতার নাম আবুল খায়ের এবং মাতার নাম কুলসুমা খাতুন। মামলার নথিতে তাঁর বর্তমান ঠিকানা হিসেবে কে বি আমান আলী রোডের রহাত্তারপুল এলাকার উল্লেখ রয়েছে।

মামলার তদন্ত নথি সূত্রে জানা গেছে, জাল দলিল ও খসড়া মানচিত্র তৈরির অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল পরিদর্শন, খসড়া মানচিত্র ও সূচিপত্র তৈরি এবং বিতর্কিত দলিলের সত্যায়িত অনুলিপি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। পাশাপাশি বাদীপক্ষের মনোনীত তিনজন সাক্ষীর সাক্ষ্য ও বিভিন্ন দালিলিক প্রমাণ পর্যালোচনা করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সেকান্দর সিকদার বলেন, তদন্ত প্রতিবেদনের মন্তব্য অংশে জাল দলিল-সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা ও বিভিন্ন আলামত জব্দের বিষয়টি উল্লেখ রয়েছে। আসামি এত দিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। মঙ্গলবার আদালতে হাজির হলে তিনি জামিন বাতিলের আবেদন করেন। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা ও উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, দলিল জালিয়াতির কারণে দীর্ঘদিন ধরে হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তাঁরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করেছেন।

বাদীপক্ষের অভিযোগ, একজন আইনজীবী হয়েও সৈয়দ জান-ই আলম জাল দলিল তৈরির মাধ্যমে তাঁদের জমি ও সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি করেছেন। এতে তাঁরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি আওয়ামী লীগ সরকারের আমলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার সহসভাপতির দায়িত্বে ছিলেন। ওই রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে তাঁদের জমি জালিয়াতির মাধ্যমে নামজারি করা হয়েছিল বলে তাঁদের দাবি। ৫ আগস্টের পরও কয়েকজনের সঙ্গে সখ্য গড়ে তুলে বিরোধপূর্ণ জমি দখলের একাধিক চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে জমি-সম্পত্তি নিয়ে তাঁদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com