কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আমানুল্লাহ আল মামুন ওএসডি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ পিএম

একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আমানুল্লাহ আল মামুনকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে । আজ একটি সরকারী চিঠিতে তাকে ওএসডি করা হয় বলে জানা যায় । 

১০ বছর আগে চাকরি থেকে অবসরে গেছেন। হঠাৎ জানতে পারেন তার নামে বিল-ভাউচার বানিয়ে স্বাক্ষর করে টাকা উঠানো হয়েছে। এ খবর শুনে হতবাক সন্তোষ কুমার। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নকর্মী ছিলেন। তার নামে সেপটিক ট্যাংক পরিষ্কার করার নামে ৩০ হাজার টাকা উঠিয়ে আত্মসাৎ করার অভিযোগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনের বিরুদ্ধে। আর এই অভিযোগের সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন।

জানা গেছে, ২০২৬ সালের জুন মাসে যোগদান করেন ডা. আমানউল্লাহ আল মামুন। ২০২৫-২০২৬ অর্থবছরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন খাতওয়ারী বরাদ্দের অর্থ ব্যয়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে এই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বাবদ ১ লাখ ৮০ হাজার টাকা, অন্যান্য মনিহারী বাবদ ১ লাখ ১০ হাজার টাকা, স্ট্যাম্প ও সীল বাবদ ২২ হাজার টাকা,অফিস সরঞ্জাম বাবদ ১৩ হাজার টাকা, সেপটিক ট্যাংক পরিষ্কার বাবদ ৩০ হাজার টাকা, আসবাবপত্র মেরামত বাবদ ৩০ হাজার টাকা, আসবাবপত্র ক্রয় বাবদ ৫৫ হাজার টাকা, কম্পিউটার মেরামত বাবদ ৪৫ হাজার টাকা, পরিষ্কার সামগ্রী বাবদ ৮ হাজার টাকা এবং অন্যান্য মনিহারী বাবদ ৫০ হাজার টাকা ব্যয় দেখান। এরমধ্যে সন্তোষ কুমার নামে এক পরিচ্ছন্নকর্মীর স্বাক্ষর জাল করে ৩০ হাজার টাকা উঠিয়ে নেওয়ার ঘটনা ঘটে। তার এসব কাজে সহযোগিতা করেন পরিসংখ্যানবিদ মাইনুর ইসলাম। তিনি পরিসংখ্যানবিদ হয়ে হিসাবরক্ষকের কাজ করেন। 

পরিসংখ্যানবিদ মাইনুর প্রায় ১২ বছর ধরে একই কর্মস্থলে আছেন। এর আগে তার বিরুদ্ধে “ব্যাংকে দুই কোটি টাকার বেশি লেনদেন কর্মচারীর” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরও তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহাল তবিয়তে রয়েছেন। 

গত ১৫ নভেম্বর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করে দুদক ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের সদস্যরা। দুদকের সহকারী পরিচালক খালিদ মাহামুদের নেতৃত্বে অভিযান চলে প্রায় সাড়ে ৩ ঘন্টা। অভিযানে হিসাবরক্ষক হিসেবে আব্দুল আজিজ থাকলেও তার কোনো কাজ না দিয়ে পরিসংখ্যানবিদ মাইনুর রহমানকে দিয়ে হিসাবরক্ষকের কাজ করানোর তথ্য পায় দুদক। এ ঘটনায় হিসাবরক্ষক আব্দুল আজিজের কাছ থেকে একটি লিখিত নিয়েছে দুদক। এ ছাড়া পরিচ্ছন্নকর্মীরা ভুয়া বিল-ভাউচার করে প্রায় ৩০ হাজার টাকা আত্মসাতেরও সত্যতা পেয়েছে। সরকারি ওষুধ সঠিকভাবে রোগীরা পাচ্ছে কিনা- সে বিষয়েও তারা বিভিন্ন রেকর্ড সংগ্রহ ও রোগীদের সঙ্গে কথা বলেছেন। রোগীদের খাবারে রোববার দুপুরে রুই মাছ দেওয়ার কথা থাকলেও সেখানে অন্য মাছের উপস্থিতি পেয়েছে বলে জানা গেছে। গত ৬ সেপ্টেম্বর কালীগঞ্জে বারবাজারে নিউ গরীবশাহ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়। এর পরেরদিন উপজেলা প্রশাসন সেই ক্লিনিকটি সিলগালা করে দেয়। সিলগালা করার ২১ দিন পর প্রায় ৩ লক্ষ টাকার বিনিময়ে ক্লিনিকটি খুলে দেওয়ায় প্রধান ভ‚মিকা পালন করেন ডা. আমানুল্লাহ আল মামুন।

এদিকে ২০২২ সালের ১৩ জুন বরিশালের বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সেখানকার সাধারণ মানুষ আমানুল্লাহ আল মামুনকে অবরুদ্ধ করে। সেসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় কর্মজীবী একাধিক মাঠকর্মী স্বাস্থ্য অধিদপ্তর এর মহাপরিচালক বরাবর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ডজনখানেক লিখিত অভিযোগ দেন। এছাড়াও সব ধরনের বিল, ভাউচারে তাকে ৩৫% থেকে ৫০% টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠে। তিনি এর আগে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ঝিনাইদহের কোটচাঁদপুরে দায়িত্ব পালন করেন। বিভিন্ন অনিয়মের কারণে তাকে আবার বরিশালের মঠবাড়িয়া বদলি করা হয়। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক আব্দুল আজিজ বলেন, ২০২৬ সালের জুন মাসে কালীগঞ্জ হাসপাতালে হিসাবরক্ষক হিসেবে যোগদান করি। কিন্তু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দায়িত্ব বুঝে দেননি। তার কাজটি পরিসংখ্যানবিদ মাইনুরকে দিয়ে করান।

পরিচ্ছন্নকর্মী সন্তোষ কুমার বলেন, গত ১০ বছর আগে তিনি অবসরে গিয়েছি। হঠাৎ শুনি তার নামে ৩০ হাজার টাকা উঠানো হয়েছে। আমার স্বাক্ষর জাল করে এই টাকা উঠানো হয়েছে। আমি এর সাথে জড়িত না। 

এ ব্যাপারে জানতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আলম মামুনের মোবাইলে ফোন দিলে তিনি সাড়া দেননি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com