পার্বতীপুরে নাশকতা, লুণ্ঠন ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:৪১ এএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে নাশকতা, লুণ্ঠন ও হত্যাচেষ্টা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানতাশা আরফিন মেঘলাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। শুক্রবার (২০ নভেম্বর) রাত আড়াইটার দিকে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার চাঁদনগর মহল্লার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভাসানী রোডের হাসিনা মঞ্জিল নামের পাঁচতলা ভবনের এ-৫ নম্বর ফ্ল্যাটে অভিযান চালায়। সেখান থেকে মানতাশা আরফিন মেঘলাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানতাশা আরফিন মেঘলা (৩৪) দিনাজপুরের পার্বতীপুর থানার বাবুপাড়া গ্রামের মৃত ডিএম মাসুদুর রহমানের মেয়ে। তিনি পার্বতীপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এসআরবি-১৩-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেন মামলার বাদী মুন্নি সরকার (৩৬) ও তাঁর ছেলে আবির নবি দোয়াদ (১৯)। সেখানে প্রায় ৪০০ মানুষ উপস্থিত ছিলেন।

এজাহারে অভিযোগ করা হয়, দুপুর সাড়ে ১২টার দিকে মামলায় নাম উল্লেখ করা আসামিসহ অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হন। তাঁরা আন্দোলনকারীদের হাত-পা ভেঙে পঙ্গু করা এবং হত্যার পর লাশ গুম করার হুমকি দেন। এর প্রতিবাদ করলে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। এ সময় বাদী ও তাঁর ছেলেকে মারধর করে রক্তাক্ত জখম করা হয়।

এজাহারের আরও অভিযোগ, একই দিন বেলা দেড়টার দিকে আসামিরা বাদীর বাড়িতে গিয়ে ভাঙচুর করেন এবং মালামাল ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। এ ঘটনায় বাদী পার্বতীপুর থানায় মামলা করেন। মামলাটির নম্বর ১২।

এসআরবি-১৩ জানিয়েছে, গ্রেপ্তার মানতাশা আরফিন মেঘলার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com