ডিসেম্বরে সরকার পতনের হুমকি ও শেখ হাসিনার ফেরার ঘোষণা একই ষড়যন্ত্রের অংশ: নুরুল আমিন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

দেশের ভেতর ও বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেছেন, ডিসেম্বরে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুমকি এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা একই ষড়যন্ত্রের অংশ। এসব তৎপরতার মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের মীরসরাইয়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল আমিন বলেন, দেশের ভেতরের একটি গোষ্ঠী আগামী ডিসেম্বরে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুমকি দিচ্ছে। অন্যদিকে, বিদেশে অবস্থানরত একটি গোষ্ঠী ও নিষিদ্ধ সংগঠন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্য রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে গঠিত কোনো বিনাভোটের সরকার নয়। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা সফল হবে না।

মীরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সংসদ সদস্য নুরুল আমিন।

সমাবেশে সভাপতিত্ব করেন মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী। এ সময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com