‘দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, আওয়ামী লীগের খাওয়া শেষ’: প্রতিমন্ত্রী শাহে আলম

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ‘ফ্যাসিবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। বিএনপি গণমানুষের দল। দেশের সব ভালো ও জনকল্যাণমূলক কাজে দলটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আওয়ামী লীগের খাওয়া দেশ থেকে শেষ হয়ে গেছে।’

শনিবার (২১ নভেম্বর) বিকেলে রংপুরের পীরগাছা জেএন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তরুণ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। মাদকমুক্ত তারুণ্য গড়ে তুলতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তরুণদের খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে তারা মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে এ এলাকার মানুষ ভুল করে থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে যেন সেই ভুল না করেন। এলাকার উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে স্থানীয় নির্বাচনে বিএনপির প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে শনিবার দুপুরে রংপুর সফরের অংশ হিসেবে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রংপুরের উন্নয়ন ও ক্রীড়াঙ্গন নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। মীর শাহে আলম জানান, শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারে ৫৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৮০০ কোটি টাকা। এ ছাড়া বৃহত্তর রংপুরের অবকাঠামো ও সার্বিক উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

টুর্নামেন্টের ফাইনালে দিনাজপুর একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লালমনিরহাট একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ এমদাদুল হক ভরসা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আফছার আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী, লিটন পারভেজ, মাহামুদুন নবী চৌধুরী পলাশ, মোতাহারুল ইসলাম নিক্সন পাইকারসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com