গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন: ভিডিও ফুটেজ বিশ্লেষণে প্রধান আসামি গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান আসামি মো. রফিকুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মহানগরীর গাছা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর গাছা থানার হারিকেন ডেগেরচালা রোডে দায়িত্ব পালনরত পুলিশের একটি সরকারি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চালায় পুলিশ।
এরই ধারাবাহিকতায় গাছা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেপ্তার করে। তার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার কমারী এলাকায়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে গাছা থানায় মামলা হয়েছে।
জিএমপি জানিয়েছে, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।