জোরারগঞ্জে বাসে তল্লাশি, জাপানি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি জাপানি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্র চোরাকারবারে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার গেটসংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

জোরারগঞ্জ থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি দল করেরহাট ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বিদেশি পিস্তল নিয়ে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুই অস্ত্র চোরাকারবারি অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে বিকেল ৫টার দিকে নয়টিলা মাজার গেটসংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে পুলিশ। পরে বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেট্রো-ব-১১-০২৫০ নম্বরের শান্তি পরিবহনের বাসটি সেখানে পৌঁছালে যাত্রীদের তল্লাশি করা হয়। এ সময় বাসে যাত্রীবেশে থাকা দুই ব্যক্তির কাছ থেকে একটি জাপানি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর এলাকার তোফাজ্জল হোসেন ও মৃত বিবি কুলসুমের ছেলে ইবনে জাহিদ (৩৪) এবং সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি এলাকার মৃত ছিদ্দিক আহম্মদ ও মৃত নূরজাহানের ছেলে সালাহ উদ্দিন আকবর (৪৪)।

পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ চক্রের মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com