মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা-ককটেল নিক্ষেপ, আগুন দেয়ার চেষ্টা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম
নাজমুল হাসান,মাদারীপুর:
মাদারীপুরের দুটি পৃথক স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা ও ককটেল ছুড়ে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। একটি শাখার বাহ্যিক অংশে কিছুটা ক্ষতি হলেও কোনো শাখার অভ্যন্তরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের মাদারীপুর অঞ্চলের জোনাল ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ্বাস জানান, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শাখায় শনিবার দিবাগত রাত ১২টার দিকে দুষ্কৃতকারীরা দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। সৌভাগ্যবশত বোমাগুলো না ফাটায় আগুন লাগেনি। এ সময় দায়িত্বরত নৈশপ্রহরী টের পেয়ে গেলে দুর্বৃত্তরা দ্রুত সরে পড়ে।
এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখায় একই ধরনের হামলার ঘটনা ঘটে। সে সময় বাইরে থেকে দুটি ককটেল ও দুটি পেট্রোল বোমা ছোড়া হলে শাখার বাইরের অংশে আগুন ধরে যায়। স্থানীয় লোকজনের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। এতে ব্যাংকের ভেতরের অংশ সুরক্ষিত থাকলেও বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
জোনাল ম্যানেজার আরও বলেন, উভয় ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয় এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে শাখাগুলোর নিরাপত্তা জোরদার করা হলেও এ ধরনের ঘটনায় কর্মীদের মাঝে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কেন্দুয়া শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটলেও সেগুলো বিস্ফোরিত না হওয়ায় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়েছে এবং জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।