রংপুরে স্কুলছাত্রী অপহরণ মামলায় তিনজন গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
রংপুর মহানগরীর তাজহাটে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টা ১৫ মিনিটে মহানগরীর তাজহাট থানাধীন কিসমত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- তাজহাট থানার কিসমত গ্রামের আঙ্গুর মিয়ার স্ত্রী নুরেমা (৫৫), পীরগাছা থানার সচাশ গ্রামের জালাল মিয়ার ছেলে আব্দুল জলিল (৩৫) এবং মিনারুলের স্ত্রী আছিয়া বেগম (৩০)।
এসআরবি-১৩ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে নুর আমিন নামে এক যুবক তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। বিষয়টি কিশোরী তার বাবা-মাকে জানালে তারা নুর আমিনের অভিভাবকদের অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন নুর আমিন।
গত ২৩ অক্টোবর সকাল ১০টার দিকে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে কয়েকজনের সহায়তায় ভুরারঘাট ব্রিজের সামনে থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে রংপুর মহানগরীর তাজহাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর অপহৃত কিশোরীকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি নুরেমা এবং তদন্তে প্রাপ্ত আসামি আব্দুল জলিল ও আছিয়া বেগমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।