কাউনিয়ায় জননী প্রকল্পের উপজেলা পর্যায়ের অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি

মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং টেকসই সেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ। 

রংপুরের কাউনিয়ায় মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবার পরিধি বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার টেকসই ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে জননী প্রকল্পের উপজেলা পর্যায়ের অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কাউনিয়া উপজেলা পরিষদ হলরুমে RDRS Bangladesh পরিচালিত জননী প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

“Strengthening the Maternal and Neonatal Health System in Rangpur, Bangladesh” কর্মসূচির আওতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জননী প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফরাজুদুক ভুইয়া, এমআইএস অফিসার আব্দুল্লাহসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপস্থাপনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাহিদুল ইসলাম।

আলোচনায় বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর কাছে মানসম্মত মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং জরুরি প্রসূতি সেবা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় জননী প্রকল্পের আওতায় পরিচালিত বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমের অগ্রগতি, অর্জন এবং প্রকল্প-পরবর্তী সময়ে এসব কার্যক্রমের ধারাবাহিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় আসবাবপত্র ও স্বাস্থ্যসেবা উপকরণ সরবরাহ এবং সেবার মান বজায় রাখতে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের কার্যকর সহযোগিতা কামনা করা হয়।

এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জননী প্রকল্পের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় বক্তারা আরও বলেন, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা শুধু স্বাস্থ্য বিভাগের একক দায়িত্ব নয়; এ ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, প্রশাসন, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিক সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

উল্লেখ্য, KOICA-এর অর্থায়নে এবং Save the Children-এর কারিগরি সহযোগিতায় RDRS Bangladesh জননী প্রকল্পের মাধ্যমে রংপুর অঞ্চলে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা গ্রহণে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com