আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধি পঞ্চগড়ের খুদে শিক্ষার্থী নায়েল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

সঞ্জু বনিক সৌরভ, জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড় | ২৫ নভেম্বর ২০২৬

ছোট্ট বয়সেই ইংরেজি ভাষায় দক্ষতা দেখিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ অর্জন করেছে পঞ্চগড়ের শিশু শিক্ষার্থী আরন তাইয়্যেবাত নায়েল। ইংলিশ অলিম্পিয়াডে সাফল্যের ধারাবাহিকতায় এবার মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে সে। তার এই অর্জনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় মানুষের মধ্যে আনন্দের পাশাপাশি তৈরি হয়েছে গর্বের অনুভূতি।

নায়েল পঞ্চগড় সদর উপজেলার মিঠাপুকুর এলাকার বাসিন্দা আবু দাউদ নুর ই আলমের ছেলে। সে মাদিনাহ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে অধ্যয়নরত। বয়সে ছোট হলেও ইংরেজি ভাষার প্রতি তার আগ্রহ বেশ আগে থেকেই। নিয়মিত চর্চা, নিজের শেখার আগ্রহ এবং পরিবারের উৎসাহ তাকে ভাষাটিতে দক্ষ হয়ে উঠতে সহায়তা করেছে। এরই স্বীকৃতি হিসেবে ইংলিশ অলিম্পিয়াডে কৃতিত্ব দেখিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে নায়েল।

ছেলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাবা আবু দাউদ নুর ই আলম। তিনি বলেন, নায়েলের অর্জনে তারা পরিবারের সবাই অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও যেন ছেলে একইভাবে আগ্রহ ও উদ্যম নিয়ে এগিয়ে যেতে পারে, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

মাদিনাহ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর মো. রিদওয়ানুল মুস্তাকিম জানান, অল্প বয়সেই নায়েল ইংরেজিতে বেশ সাবলীলভাবে কথা বলতে পারে। ভাষাটির প্রতি তার আগ্রহও উল্লেখ করার মতো। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সে বাংলাদেশের পাশাপাশি পঞ্চগড়ের পরিচিতি তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে নায়েলের সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। তিনি বলেন, ইংলিশ অলিম্পিয়াডের আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়া পঞ্চগড়ের জন্য আনন্দ ও গর্বের বিষয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে। প্রয়োজনে পরিবার সহযোগিতা চাইলে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে বলেও জানান তিনি।

একটি শিশুর স্বপ্ন যখন অধ্যবসায় ও সঠিক অনুপ্রেরণায় এগিয়ে যাওয়ার পথ খুঁজে পায়, তখন তার সাফল্য অনুপ্রেরণা হয়ে ওঠে অন্যদের জন্যও। পঞ্চগড়ের ছোট্ট নায়েলের এই অর্জন স্থানীয় শিক্ষার্থীদের মধ্যেও নতুন উদ্দীপনা তৈরি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন সবার প্রত্যাশা, মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজের মেধা ও দক্ষতা তুলে ধরে দেশের জন্য সম্মান বয়ে আনবে এই খুদে শিক্ষার্থী।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com