পাঁচবিবিতে ৬ হাজার কৃষকের মুখে হাসি: বিনামূল্যে মিলল সরিষার বীজ ও সার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

“কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই প্রণোদনা বিতরণ করা হয়।

মঙ্গলবার ২৪ নভেম্বর দুপুরে পাঁচবিবি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী জানান, চলতি রবি মৌসুমে উপজেলার মোট ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনার আওতায় আনা হয়েছে।

এর অধীনে প্রত্যেক কৃষককে বিনামূল্যে ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিওপি রাসায়নিক সার প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, দেশে ভোজ্যতেলের ঘাটতি পূরণ এবং সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকার কৃষকদের এই বিশেষ সহায়তা দিচ্ছে।

প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জহির রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ কাওছার আলী, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম এবং বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

মৌসুমের শুরুতেই বিনামূল্যে মানসম্মত সরিষার বীজ ও প্রয়োজনীয় সার হাতে পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় প্রান্তিক কৃষাণ-কৃষাণীরা। এতে চাষাবাদের খরচ অনেকটাই কমে আসবে বলে আশা করছেন তারা। এজন্য উপকারভোগী কৃষকরা সরকার ও উপজেলা কৃষি বিভাগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com