চট্টগ্রামে পানি সরবরাহ বাড়াতে ওয়াসার দুই প্রকল্প সম্প্রসারণ, সহযোগিতা চায় দক্ষিণ কোরিয়ার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:২২ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রাম মহানগরীতে সুপেয় পানির উৎপাদন ও সরবরাহ বাড়াতে ভান্ডালজুড়ি ও মোহরা পানি শোধনাগার প্রকল্প সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এ লক্ষ্যে প্রকল্প দুটির দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতা চেয়েছে সংস্থাটি। প্রকল্প দুটি বাস্তবায়িত হলে মহানগরে পানির সরবরাহ বাড়ার পাশাপাশি ওয়াসার উৎপাদন ও সরবরাহ সক্ষমতাও বৃদ্ধি পাবে।

শনিবার চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলমের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধি দল। এ সময় চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন প্রকল্প নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন বিভাগের পরিচালক চোই জংওন।

বৈঠকে ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রাম থেকে মহানগরে পানি সরবরাহের পরিকল্পনা তুলে ধরে ওয়াসা। পাশাপাশি কালুরঘাটের মোহরা পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের মাধ্যমে পানি উৎপাদন দ্বিগুণ করার উদ্যোগের কথাও জানানো হয়।

প্রকল্প দুটি বাস্তবায়নে দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতা চাওয়া হলে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রতিনিধি দলের প্রধান চোই জংওন।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতায় দক্ষিণ চট্টগ্রামে ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এবার ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পের দ্বিতীয় পর্যায় সম্প্রসারণে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে কোরীয় পক্ষের মনোভাব ইতিবাচক।

তিনি আরও বলেন, প্রকল্প দুটি বাস্তবায়ন করা গেলে চট্টগ্রাম মহানগরে পানি সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে ওয়াসার পানি উৎপাদন ও সরবরাহ সক্ষমতাও বৃদ্ধি পাবে।

বৈঠকে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ নজরুল ইসলাম ও আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com