শরণখোলায় ১২৬ পিস ইয়াবা উদ্ধার, নদী সাঁতরে পালালেন শীর্ষ মাদক কারবারি ইলিয়াস
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:২৩ এএম
মো: নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় স্থানীয়দের সক্রিয়তায় ১২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত শীর্ষ মাদক কারবারি ইলিয়াস তালুকদার অন্ধকার ও নদীর সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। ইতোমধ্যে শরণখোলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ২০ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার পশ্চিম খোন্তাকাটা এলাকায় বলেশ্বর নদীর পাড়ে মাদক বেচাকেনার খবর আসে তাদের কাছে। খবর পেয়ে খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির তালুকদারের নেতৃত্বে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে যান এবং ইয়াসিন/ইলিয়াস তালুকদারকে ইয়াবার একটি প্যাকেটসহ আটক করেন। কিন্তু আটক থাকা অবস্থায়ই তিনি কৌশলে পরনের কাপড় খুলে রেখে নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে ওপারে চলে যান।
খবরটি ছড়িয়ে পড়ার পর শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা নদীর তীরে ছুটে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়দের পাশে দাঁড়ান।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ওই স্থান থেকে মোট ১২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনায় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, ইলিয়াসের সঙ্গে সে সময় একটি মোটরসাইকেল এবং কয়েকজন সহযোগী ছিল। মাদক কারবারে সহায়তা করা এসব ব্যক্তি পুলিশের তৎপরতা শুরুর আগেই মোটরসাইকেল নিয়ে সটকে পড়ে।
পুলিশের তথ্য অনুযায়ী, পালিয়ে যাওয়া ইলিয়াস তালুকদার শরণখোলার পরিচিত মাদক কারবারি ও সন্ত্রাসী। অস্ত্র ও মাদকসহ প্রায় ১১টি চাঞ্চল্যকর মামলা রয়েছে তার বিরুদ্ধে।
শরণখোলা থানা পুলিশ জানিয়েছে, ইলিয়াস ও তার পলাতক সহযোগীদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এদিকে এলাকাবাসীর মতে, মাদক নির্মূলে পুলিশ ও সাধারণ মানুষের এমন যৌথ উদ্যোগ নিয়মিত থাকলে এলাকায় মাদকের দৌরাত্ম্য অনেকটাই কমে আসবে।