টেকনাফে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা জিম্মি উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০২:১১ পিএম
উচমান গনি, উপজেলা প্রতিনিধি, টেকনাফ কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ ৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ আভিযানিক দল।
রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই এলাকায় মানবপাচারের উদ্দেশ্যে ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্যদের পাশাপাশি কয়েকজন ভুক্তভোগীও পালিয়ে যায়।
তবে ঘটনাস্থল থেকে ৫ নারী, ২ পুরুষ ও ৮ মাস বয়সী এক শিশুসহ মোট ৮ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তারা এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা।
অভিযান শেষে উদ্ধার ব্যক্তিদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।