সোনারগাঁওয়ে যুবলীগ কর্মী ও ওয়ারেন্টভুক্ত ৩জন আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

সোনারগাঁও ( নারায়নগঞ্জ) সংবাদদাতা :

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের মামলার এক আসামি ও পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) তিন আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের (পিপিএম) নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিকের (পিপিএম) নেতৃত্বে থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বৈষম্যবিরোধী মামলার আসামি হিসেবে নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের ক্রীড়া সম্পাদক শেখকান্দি এলাকার মৃত হোসেন মিয়া ও জবেদা বেগমের ছেলে রুবেল মিয়াকে (৩০) আটক করা হয়।  

এছাড়া পৃথক অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন সোনারগাঁও উপজেলার সেকেরহাট এলাকার মৃত হান্নান সরদারের ছেলে মোঃ মাহবুব সরদার (৩৮), মহজমপুর এলাকার মোঃ আঃ বাছেদের ছেলে ইলিয়াস এবং আমিনপুর ২নং ওয়ার্ডের গোয়ালদী হরিশপুর এলাকার মৃত মোঃ নুরুল মিয়া ওরফে নুরুউদ্দিন ও শাহানাজ বেগম ওরফে শাহানা বেগমের ছেলে মোঃ বাবু ওরফে শাহীন।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম) জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com