এসএসসির ফল জালিয়াতি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ গ্রেপ্তার ৩
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:২৯ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার রাতে সিআইডির ঢাকা হিনিয়াস ক্রাইম শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পাঁচলাইশ থানায় সোপর্দ করে।
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯), শহিদুল আলম জিসান (২৭) এবং কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মো. আবদুল মালেক (৫৬)। ফরহাদুল ইসলামের বাড়ি আনোয়ারা উপজেলায়, শহিদুল আলম জিসানের বাড়ি নগরের হালিশহরে। আবদুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। তিনি বর্তমানে নগরের চকবাজার এলাকায় বসবাস করেন।
সিআইডির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. রাসেল পিপিএম জানান, তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে ফলাফল জালিয়াতির সঙ্গে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কেউ কেউ দীর্ঘ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে সিআইডি।
থানার নথি অনুযায়ী, গ্রেপ্তারের পর তিনজনকে পাঁচলাইশ থানা হাজতে রাখা হয়। এদিকে গ্রেপ্তার ব্যক্তিদের একজন মো. আবদুল মালেক আগে থেকেই হৃদ্রোগে আক্রান্ত। তাঁর স্বজনেরা চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র নিয়ে থানায় যান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে পাস করিয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়। বোর্ডের সচিব মামলাটির বাদী।
এজাহারে উল্লেখ করা হয়, ওই শিক্ষার্থীর বাংলার প্রথম পত্রে ২৩ নম্বরকে ৩৩, দ্বিতীয় পত্রে ২৪-কে ৬২, ইংরেজির প্রথম পত্রে ৩৩-কে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০-কে ৮২ করা হয়। গণিতে ৯-এর পরিবর্তে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর পরিবর্তে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫, রসায়নে ১-এর পরিবর্তে ৪৬, জীববিজ্ঞানে ১-এর পরিবর্তে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর পরিবর্তে ৬৫ নম্বর বসানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় থানা-পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলেও নানা অসংগতি থাকায় আদালত তা গ্রহণ করেননি। ফলে আগের মামলাটির তদন্ত নিয়েও প্রশ্ন থেকে যায়।
ওসি মোজাম্মেল হক বলেন, এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীসহ শিক্ষা বোর্ডের তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। বোর্ডের সচিব মামলাটির বাদী।