চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬৫ জন গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান : 

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩১৩ জনকে আটক করা হয়েছে।

পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর)  দুপুরে চট্টগ্রাম রেঞ্জ থেকে গত ২৪ ঘণ্টার এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮৫ জন, আগের মামলায় ১০৮ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ২২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ১৪ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানামূলে ৯৯ জন এবং সাজা পরোয়ানামূলে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে মোট ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় ৩৫ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৮ জন মাদক কারবারি রয়েছেন।

এসব অভিযানে ৩৮টি মাদক মামলা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড করা হয়েছে ৩ হাজার ৩৫০ টাকা। অভিযানে ৪ হাজার ৩৫৫টি ইয়াবা, ২০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫৩ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২৯ লিটার চোলাই মদ, ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ ও পাঁচ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬৫ সদস্যের মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ১২, নোয়াখালী ও ফেনীতে ছয়জন করে, লক্ষ্মীপুরে চারজন, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে তিনজন করে, কক্সবাজার ও বান্দরবানে দুজন করে এবং রাঙামাটিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩১৩ জনের মধ্যে ১৭৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৩৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ১৫১ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৪৩, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ২৭ জন করে, ব্রাহ্মণবাড়িয়ায় ১৮, কক্সবাজারে ১৩, চাঁদপুরে ১৩, খাগড়াছড়িতে নয়, রাঙামাটিতে ছয় এবং বান্দরবানে ছয়জনকে আটক করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com