মহাদেবপুরে মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে সড়ক পারাপারের সময় মিনি ট্রাকের চাপায় মজিরণ বেওয়া (৮২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিরণ বেওয়া মহাদেবপুর উপজেলার শিবপুর গ্রামের মৃত লাটু বক্স সরদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির পাশের সড়ক পার হচ্ছিলেন মজিরণ বেওয়া। এ সময় দ্রুতগতির একটি মিনি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চাপা দেয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে দুপুরেই তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com