আ. লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, নির্দেশ অমান্যে সিএমপির সার্জেন্ট সাময়িক বরখাস্ত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অমান্য করায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দুই দিন আগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলেও বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়। মুজাহিদুল ইসলাম ২০১৭ সালে সার্জেন্ট পদে পুলিশে যোগ দেন। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলায়।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, কর্তৃপক্ষের বৈধ নির্দেশ অমান্য করায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কী ধরনের নির্দেশ অমান্য করা হয়েছিল, জানতে চাইলে সিএমপি কমিশনার বলেন, এগুলো পুলিশের অভ্যন্তরীণ বিষয়। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার একটি ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হলেও বাদী হতে রাজি হননি সার্জেন্ট মুজাহিদুল। এ ছাড়া আরও কিছু কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির দিন নগরের বন্দর এলাকার সল্টগোলা ক্রসিং পুলিশ বক্সে দায়িত্বে ছিলেন সার্জেন্ট মুজাহিদুল। ওই দিন রাতে পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে কাচ ভাঙা ও ভেতরে আগুন দেওয়ার আলামত পাওয়া যায়। এ ঘটনায় মামলা করার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি সেই নির্দেশ পালন করেননি বলে ওই পুলিশ কর্মকর্তা দাবি করেন।

এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে সার্জেন্ট মুজাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com