সৌদি-হুতি উত্তেজনার পারদ তুঙ্গে: তেল শোধনাগার ও আর্থিক কেন্দ্রে হামলার দাবি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার এবং রাজধানী রিয়াদের একটি আর্থিক কেন্দ্রে সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাস তানুরার আকাশে চারটি ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে।বুধবার (২৫ নভেম্বর) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তারা সৌদি আরবের অভ্যন্তরে দুটি পৃথক সামরিক অভিযান পরিচালনা করেছে। প্রথম অভিযানটি চালানো হয় দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরা তেল শোধনাগার লক্ষ্য করে। সারি দাবি করেন, হামলাটি সরাসরি আঘাত হেনেছে এবং এর ফলে শোধনাগারটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।দ্বিতীয় অভিযানটি তিন ধাপে রিয়াদের কিং আব্দুল্লাহ ইকোনমিক সিটির আর্থিক কেন্দ্রকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানান হুতি মুখপাত্র। এই হামলায় স্থাপনাটির ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে বলেও তিনি দাবি করেন। বিবৃতিতে সৌদি আরবের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করে আরও হামলার হুমকি দেন ইয়াহিয়া সারি।
এদিকে, হুতিদের এই দাবির আগেই বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরার ওপর চারটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করে দিয়েছে।
তথ্য সূত্র : আনাদুলু এজেন্সী