পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৩.৫ ডিগ্রিতে
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম
সঞ্জু বনিক সৌরভ, জেলা প্রতিনিধি, পঞ্চগড়
পঞ্চগড় | ২৫ নভেম্বর ২০২৬
উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই জেঁকে বসছে শীত। সন্ধ্যা নামার পর থেকেই বাড়ছে ঠান্ডার অনুভূতি, রাতভর কুয়াশা আর হিমেল বাতাসে কাবু হয়ে পড়ছেন সাধারণ মানুষ। সকালে সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসের কারণে কমছে না শীতের প্রকোপ। বিশেষ করে ভোরে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পরে সকাল ৯টায় তাপমাত্রা আরও কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
রাতের কুয়াশা ও হিমেল বাতাসে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ। প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। তবে জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই ভোরে কাজে বের হতে হচ্ছে দিনমজুর, রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষদের।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। ভোরের দিকে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সঙ্গে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে।
শীতের সকালে কাজের সন্ধানে বের হওয়া দিনমজুর রহিম বলেন, ‘এত ঠান্ডা পড়েছে যে কম্বলের ভেতর থেকে উঠতে মন চায় না। কিন্তু না উঠলে তো আর চলে না। জীবিকার তাগিদে ঠান্ডার মধ্যেই কাজে বের হতে হয়।’
অন্যদিকে, গায়ে ছেঁড়া সোয়েটার ও চাদর জড়িয়ে জড়সড় অবস্থায় রিকশা চালাচ্ছিলেন মফিদুল। তিনি বলেন, ‘এত সকালে বের হয়েও এখন পর্যন্ত কোনো যাত্রী পাইনি। হয়তো ঠান্ডা বেশি পড়ার কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে না।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। পরে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭৭ শতাংশ।
তাপমাত্রা কমে আসার সঙ্গে সঙ্গে পঞ্চগড়ে শীতের প্রভাবও বাড়ছে। বিশেষ করে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের কাছে শীত এখন বাড়তি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শীতের প্রকোপ বাড়ার এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।