রাণীনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ছানি অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের ফ্রি সেবা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ছানি অপারেশনের জন্য রোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

ডা. ইব্রাহিম আই কেয়ার সেন্টারের উদ্যোগে এবং রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশনের সহযোগিতায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্প চলে। এতে বিভিন্ন বয়সী রোগীরা বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. ইব্রাহিম আই কেয়ার সেন্টারের মেডিকেল অফিসার ডা. জিনাত মারূফা এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আমানউল্লাহ (আমান)। তাঁরা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।

এ সময় ছানি অপারেশনের উপযুক্ত রোগীদের বাছাই করা হয়। নির্বাচিতদের বিনামূল্যে বাসযোগে বগুড়ার ছিলিমপুরে অবস্থিত ডা. ইব্রাহিম আই কেয়ার সেন্টারে নেওয়া হবে। সেখানে চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মো. ইব্রাহিম খলিলুল্লাহ তাঁদের ছানি অপারেশন করবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অপারেশনে রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ভারতীয় PMMA (Excelens/Catracure) লেন্স সংযোজন করা হবে। তবে কেউ চাইলে অতিরিক্ত অর্থের বিনিময়ে আরও উন্নত মানের লেন্স ব্যবহারের সুযোগ পাবেন।

বৈরী আবহাওয়া উপেক্ষা করেও সকাল থেকেই ক্যাম্পে রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কার্যক্রম পরিদর্শন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। তিনি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

উল্লেখ্য, রাণীনগর সোশ্যাল ইয়ুথ অর্গানাইজেশন দীর্ঘদিন ধরে রক্তদাতা সংযোগ, জরুরি মানবিক সহায়তা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির এমন উদ্যোগ স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের নতুন সুযোগ সৃষ্টি করেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com