ঝিনাইগাতীতে ইউনিয়ন ভূমি অফিসে অগ্নিসংযোগ, পুড়ল গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম

তৌহিদুর রহমান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:-

‎শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অফিসের ভবনের একাংশ, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে বিআরএস রেকর্ডের বই অক্ষত রয়েছে বলে জানিয়েছে উপজেলা ভূমি প্রশাসন।

‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসটি মালিঝিকান্দা ও হাতীবান্ধা ইউনিয়নের ভূমি অফিস হিসেবেও কার্যক্রম পরিচালনা করে আসছে।

‎ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জানান, বুধবার (২৫ নভেম্বর) দৈনন্দিন কার্যক্রম শেষে অফিসের দরজা-জানালা বন্ধ করে তাঁরা বাড়ি চলে যান। বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন অফিস থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে অফিসের ভেতরে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়।

‎এদিকে ঘটনার খবর পেয়ে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার এ টি এম জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

‎স্থানীয়দের ধারণা, এটি নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে। তবে কারা বা কীভাবে আগুনের সূত্রপাত ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুরুত্বপূর্ণ ভূমি সংক্রান্ত নথিপত্র পুড়ে যাওয়ায় ভবিষ্যতে জমিজমাসংক্রান্ত বিভিন্ন সেবা নিতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

‎ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ জানান, অগ্নিকাণ্ডে বিআরএস রেকর্ডের বই ছাড়া ভূমি অফিসের অন্যান্য কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

‎শেরপুরের পুলিশ সুপার এ টি এম জহিরুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত চলছে। দায়ীদের খুঁজে বের করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com