চট্টগ্রামে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ চসিকের

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রাম নগরীর জামালখান, চেরাগী পাহাড়, কাজীর দেউড়ি ও নূর আহমদ সড়ক এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা ও টং দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের (যুগ্ম জেলা ও দায়রা জজ) নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে রাখা ৯টি দোকান, ৯টি গ্যাস সিলিন্ডার ও দুটি লোহার বক্স জব্দ করা হয়।

এ সময় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা করেন।

নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com