বিজয়ের মাস ঘিরে নাশকতা ও গুজব রুখতে হিলি সীমান্তে যুক্ত হলো ড্রোন ও থার্মাল প্রযুক্তি: জয়পুরহাট ২০ বিজিবি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

আসন্ন বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, অস্থিতিশীলতা ও অপতৎপরতা রুখতে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সব সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করতে নিয়মিত টহল বৃদ্ধির পাশাপাশি যুক্ত করা হয়েছে ড্রোন, থার্মাল ইমেজিং ডিভাইস, নাইট ভিশন ক্যামেরা এবং বিশেষ ডগ স্কোয়াড।

গতকাল বুধবার ২৫ নভেম্বর হিলি সীমান্তের জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন ও বিজিবি সদস্যদের নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে এসব তথ্য জানান জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী।

অধিনায়ক জানান, একটি কুচক্রী মহল আগামী ডিসেম্বর মাসকে ঘিরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে নানা ধরনের গুজব ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।

তবে বিজিবির কঠোর নজরদারির কারণে সীমান্ত এলাকায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ছড়ানো গুজবের কোনো সত্যতাও পাওয়া যায়নি। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন সর্বদা সক্রিয় রয়েছে।

বিজয়ের মাসে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও নিশ্ছিদ্র করতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী আরও বলেন, "সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে নাইট ভিশন ডিভাইস, শক্তিশালী সার্চলাইট ও ফ্ল্যাগ লাইট স্থাপন করা হয়েছে। আকাশপথে ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি ডগ স্কোয়াড ও থার্মাল ডিভাইস দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলায় আধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র ও সরঞ্জামে সজ্জিত বিশেষ রিজার্ভ প্লাটুন সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।"

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com