ঠাকুরগাঁওয়ে শিশু অপ/হর/ণ ও ধ/র্ষ/ণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেল ইসলাম ওরফে রুবেল রানাকে (৩২) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলার বালিয়াডাঙ্গী থানাধীন আশা সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রুবেল ইসলাম ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার খড়িবাড়ী (বদ্বেশ্বরী) এলাকার মো. নান্দু ইসলাম ওরফে রশিদুল ইসলামের ছেলে।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। রুহিয়া থানার মামলা নম্বর-০১, তারিখ ৮ নভেম্বর ২০১৯-এর পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(১) ধারায় শিশু অপহরণ ও ধর্ষণের অপরাধে আদালত তাকে পৃথকভাবে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
এসআরবি-১৩ জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।