চিকিৎসক সংকটে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসাসেবা। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে চক্ষু, নাক-কান-গলা (ইএনটি) ও চর্মরোগ বিভাগের কার্যক্রম বন্ধ রয়েছে। জরুরি বিভাগেও চিকিৎসক সংকট চরমে। ফলে চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
জানা গেছে, কুষ্টিয়া জেলার অন্যতম প্রধান সরকারি এই হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ৭৮টি। এর বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩৩ জন। অর্থাৎ অর্ধেকেরও বেশি পদ শূন্য রয়েছে। সীমিতসংখ্যক চিকিৎসক দিয়ে বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও জরুরি বিভাগের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
হাসপাতালের জরুরি বিভাগে আটজন চিকিৎসকের দায়িত্ব পালনের কথা থাকলেও বর্তমানে সেখানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। এতে জরুরি রোগীদের চিকিৎসা এবং প্রয়োজনীয় অস্ত্রোপচার কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি হচ্ছে।
অন্যদিকে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসকের পরামর্শ পেতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসকের দেখা পেতে ২৪ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। চিকিৎসক সংকটের কারণে রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। হাসপাতালের দৈনন্দিন চিকিৎসা কার্যক্রমের বড় একটি অংশ ইন্টার্ন চিকিৎসকদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
দূর-দূরান্ত থেকে আসা সাধারণ রোগীদের ভোগান্তি আরও বেশি। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অনেক রোগী কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এতে যাতায়াত খরচ ও সময় নষ্ট হওয়ার পাশাপাশি শারীরিক দুর্ভোগও বাড়ছে। বিশেষ করে শিশু ও জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা পেতে বিলম্ব হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।
চিকিৎসক সংকটের পাশাপাশি তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর ঘাটতিও হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। প্রয়োজনীয় সহায়ক জনবল না থাকায় রোগীদের সেবা প্রদান ও হাসপাতালের দৈনন্দিন ব্যবস্থাপনা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক ইকবাল হাসান জানান, চিকিৎসক সংকটের কারণে চিকিৎসাসেবা সচল রাখতে তাদের হিমশিম খেতে হচ্ছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা যোগদান করার পর জেনারেল হাসপাতালের সংকট আরও ঘনীভূত হয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মো. কামাল হোসেন জানান, আগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জেনারেল হাসপাতালেও দায়িত্ব পালন করতেন। মেডিকেল কলেজ হাসপাতাল চালু হওয়ার পর তারা সেখানে ফিরে যান। এ ছাড়া জেনারেল হাসপাতালের অনেক চিকিৎসক পদোন্নতি পেয়ে মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করায় এখানে চিকিৎসকের সংখ্যা কমে গেছে।
তিনি আরও জানান, বর্তমানে কাছাকাছি মেডিকেল কলেজ হাসপাতাল থাকায় জটিল রোগীদের একটি অংশ সেখানে চিকিৎসা নিতে পারছেন। ফলে জেনারেল হাসপাতালের ওপর রোগীর চাপ তুলনামূলক কম থাকার কথা। বিদ্যমান চিকিৎসক ও জনবল যথাযথভাবে কাজে লাগাতে পারলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।
এদিকে হাসপাতালের জরুরি অক্সিজেন সরবরাহ ব্যবস্থার অকার্যকারিতা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। অভিযোগ রয়েছে, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে গেছে অথবা নষ্ট অবস্থায় পড়ে রয়েছে। হিউমিডিফায়ার বোতল, ফ্লো-মিটারসহ প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে নির্ধারিত ব্যবস্থায় অক্সিজেন সরবরাহ ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগীদের বিকল্প ব্যবস্থায় অক্সিজেন দিতে হচ্ছে, যা সংকটাপন্ন রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।
সচেতন মহলের মতে, কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক করতে দ্রুত চিকিৎসক নিয়োগ, বন্ধ বিশেষজ্ঞ বিভাগগুলো চালু, জরুরি বিভাগে প্রয়োজনীয় জনবল নিশ্চিত এবং অক্সিজেন সরবরাহ ব্যবস্থা সচল করা জরুরি।
জেলার সাধারণ ও নিম্নআয়ের মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল এই হাসপাতালের দীর্ঘদিনের জনবল ও অবকাঠামোগত সংকট নিরসনে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।