চট্টগ্রাম বন্দর পরিদর্শনে মার্কিন কোস্ট গার্ডের নিরাপত্তা দল
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
আন্তর্জাতিক মানের বন্দর নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি (আইপিএস) টিম। পরিদর্শনকালে বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা, আন্তর্জাতিক শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কোড বাস্তবায়ন এবং গৃহীত নিরাপত্তামূলক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে প্রতিনিধি দল। বিশেষ করে বন্দরের নিরাপত্তাকর্মীদের পেশাদারিত্ব, ড্রোনের মাধ্যমে নজরদারি, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী মহড়ার প্রশংসা করেন তাঁরা।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ পরিদর্শন কার্যক্রম চলে। পরে রাতে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
পরিদর্শনকালে মার্কিন প্রতিনিধি দল বন্দরের প্রবেশ নিয়ন্ত্রণব্যবস্থা (অ্যাকসেস কন্ট্রোল), বিভিন্ন জেটি ও টার্মিনাল এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা সরেজমিনে ঘুরে দেখে। এ সময় বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বন্দরের নিরাপত্তা কাঠামো, আইএসপিএস কোড বাস্তবায়নের অগ্রগতি এবং গৃহীত বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি দলকে অবহিত করা হয়।
বন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনকালে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের আইপিএস টিম চট্টগ্রাম বন্দরের আইএসপিএস কোড প্রতিপালনে উচ্চমাত্রার মান বজায় রাখা এবং নিরাপত্তা জোরদারে নেওয়া কার্যকর পদক্ষেপের প্রশংসা করে। বন্দরের নিরাপত্তাকর্মীদের পেশাদারিত্ব, ড্রোন সার্ভিল্যান্স বা নজরদারি ব্যবস্থা, সাইবার নিরাপত্তা এবং সন্ত্রাসবিরোধী অনুশীলন নিয়ে বিশেষ সন্তুষ্টি প্রকাশ করেন তাঁরা।
প্রতিনিধি দল জানায়, বিভিন্ন দেশের আন্তর্জাতিক বন্দর পরিদর্শনের অভিজ্ঞতার আলোকে চট্টগ্রাম বন্দরে আইএসপিএস কোড বাস্তবায়নে যে গুরুত্ব, আন্তরিকতা, অগ্রগতি ও ধারাবাহিকতা দেখা গেছে, তা বিশ্বের অনেক বন্দরের জন্য অনুসরণযোগ্য দৃষ্টান্ত হতে পারে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বন্দর স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইএসপিএস কোড যথাযথভাবে বাস্তবায়ন ও প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কোডের আওতায় বন্দরে প্রবেশ নিয়ন্ত্রণ, সার্বক্ষণিক নজরদারি, নিরাপত্তা তদারকি, ঝুঁকি মূল্যায়ন, সাইবার নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়াতে বিভিন্ন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার। দেশের বৈদেশিক বাণিজ্য, আমদানি-রপ্তানি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ এ বন্দরের ওপর নির্ভরশীল। জাতীয় অর্থনীতির পাশাপাশি আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় রাখতেও বন্দরের নিরাপদ ও নিরবচ্ছিন্ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিরাপত্তা ব্যবস্থার ধারাবাহিক উন্নয়ন ও আইএসপিএস কোড প্রতিপালনের ফলে পূর্ববর্তী আন্তর্জাতিক নিরাপত্তা পরিদর্শনেও চট্টগ্রাম বন্দর ‘জিরো অবজারভেশন’ অর্জন করেছিল। অর্থাৎ পরিদর্শনে উল্লেখযোগ্য কোনো নিরাপত্তা ঘাটতি চিহ্নিত হয়নি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা, আইএসপিএস কোডের ধারাবাহিক প্রতিপালন এবং বন্দর ব্যবহারকারীদের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।