চট্টগ্রাম বন্দর ও কমলাপুর আইসিডিতে চারগুণ স্টোররেন্ট স্থগিতের মেয়াদ বাড়ল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোতে (আইসিডি) আমদানি করা পূর্ণ কনটেইনারের (এফসিএল) ওপর চারগুণ হারে স্টোররেন্ট (সংরক্ষণ ভাড়া) আদায় স্থগিতের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। এতে বাড়তি স্টোররেন্টের আর্থিক চাপ থেকে সাময়িক স্বস্তি পাবেন আমদানিকারকেরা।

বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানান সংস্থাটির সচিব সৈয়দ রেফায়েত হামিম।

তিনি বলেন, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বন্দর ও কমলাপুর আইসিডিতে আমদানি করা এফসিএল কনটেইনারের ওপর চারগুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানি করা এফসিএল কনটেইনারের ওপর চারগুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের আগের সিদ্ধান্তের মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তে তা আরও তিন মাস বাড়ানো হয়েছে।

তবে এ সুবিধার আওতায় খালি কনটেইনার অন্তর্ভুক্ত হবে না। একই সঙ্গে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখা এবং ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে আমদানিকারকদের দ্রুত কনটেইনার ডেলিভারি নেওয়ার অনুরোধ জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, চারগুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ বাড়ানোয় আমদানিকারকেরা বাড়তি সুবিধা পাবেন। এতে পণ্য খালাসের ব্যয় কমবে। আমদানিকারকদের ব্যয় কমলে পণ্যের দামের ওপরও ইতিবাচক প্রভাব পড়তে পারে, যার সুফল ভোক্তারাও পাবেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com