জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

"মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সশস্ত্র বাহিনী জাতির অহংকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার ২১ নভেম্বর সকালে বাংলাদেশ এক্স-সোলজার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বেসওয়া) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বেসওয়া জয়পুরহাট জেলা শাখার সভাপতি ক্যাপ্টেন (অব.) রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়ারেন্ট অফিসার (অব.) শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসওয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার (অব.) আব্দুর রহিম।

সমাবেশে বক্তারা মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একইসঙ্গে দেশ ও জাতির সার্বিক কল্যাণে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আয়োজিত এই র‍্যালি ও সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য অংশগ্রহণ করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com