কালাইয়ে কৃষককে পিটিয়ে ধান লুট ও পুলিশের কাজে বাধা: আটক ইউপি সদস্য ‘কিডনি নূরনবী’র খুঁটির জোর কোথায়?
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের কালাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে মারধর করে প্রায় ২০ মণ আমন ধান লুট ও ১০ মণ ধান নষ্ট করার অভিযোগ উঠেছে।
শনিবার ২১ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের তেলিহার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলে মীমাংসা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য নূরনবী সরকার ওরফে ‘কিডনি নূরনবী’কে আটক করেছে পুলিশ।
আহত কৃষকের নাম তানজির আহমেদ সাকিব (৪০)। তিনি উপজেলার দুধাইল গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে তেলিহার এলাকায় নিজের জমি থেকে দিনমজুর দিয়ে আমন ধান কাটছিলেন তানজির আহমেদ সাকিব।
এ সময় পূর্বশত্রুতার জেরে উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য নূরনবী সরকার ওরফে কিডনি নূরনবীর নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল ব্যক্তি জমিতে গিয়ে ধান কাটায় বাধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তানজির গালিগালাজে নিষেধ করলে নূরনবী তাকে হত্যার নির্দেশ দেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তি লোহার রড দিয়ে তানজিরের মাথায় আঘাত করতে গেলে তিনি ডান হাত দিয়ে তা ঠেকান। এতে ডান হাতে গুরুতর জখম হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আপেল মাহমুদ মিন্টু, সাইফুল ইসলাম ও কনকসহ অন্যরা তাকে এলোপাতাড়ি লাথি ও ঘুষি মারেন।
হামলাকারীরা জমির প্রায় ১০ মণ ধান নষ্ট করে এবং কাটা অবস্থায় থাকা ২০ মণ ধান লুট করে নিয়ে যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় নূরনবী ও রেজাউল ইসলামসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে কালাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী পরিবার।
কালাই থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে জমিজমা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব দেখা যায়। পুলিশ পরিস্থিতি শান্ত করে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করলে স্থানীয় ইউপি সদস্য নূরনবী তাতে বাধা সৃষ্টি করেন এবং উত্তেজনা ছড়ান।
এ কারণে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
এদিকে, আটক ইউপি সদস্য নূরনবী সরকারের অতীত ও বর্তমান কর্মকাণ্ড নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের মতে, বহুল আলোচিত কিডনি পাচার চক্রের অন্যতম হোতা হিসেবে পরিচিত এই ‘কিডনি নূরনবী’র বিরুদ্ধে হত্যাচেষ্টা, মানবপাচার এবং অস্ত্রসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। এমনকি খোদ পুলিশ কর্মকর্তাদেরও বিভিন্ন সময় হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এতগুলো গুরুতর মামলার আসামি হয়েও কীভাবে তিনি এলাকায় প্রকাশ্যে এমন তাণ্ডব চালিয়ে যাচ্ছেন এবং তার খুঁটির জোর কোথায়-তা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে।