চট্টগ্রামে বাসা থেকে কলেজ অধ্যাপিকার ঝু/ল/ন্ত মর/দে/হ উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান :

চট্টগ্রাম নগরীর খুলশীতে নিজ বাসা থেকে ছন্দা শর্মা কান্তা (৩৬) নামে এক কলেজ অধ্যাপিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে নগরীর দক্ষিণ খুলশী এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছন্দা শর্মা কান্তা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতকানিয়া উপজেলার আমিলাইশের কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার মেয়ে। তাঁর স্বামীর নাম মলই কান্তি শর্মা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে পরিবারের অন্য সদস্যরা বাসায় না থাকায় তিনি একাই ছিলেন। রাতে তাঁর স্বামী কাজ থেকে বাসায় ফিরে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও দরজা না খোলায় বাড়ির দারোয়ানকে ডেকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com