বৃষ্টি ঝরছে, তবু থামছে না জীবনসংগ্রাম

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

সালমান আহসান বাবু, মঠবাড়িয়া:

আকাশজুড়ে বৃষ্টির মেঘ। সকাল থেকে কখনো মুষলধারে, কখনো ঝিরিঝিরি বৃষ্টি। বৃষ্টিতে অনেকের কাজ বন্ধ, কমেছে মানুষের চলাচল। কিন্তু যাঁদের প্রতিদিনের আয়েই চলে সংসার, তাঁদের থেমে থাকার সুযোগ নেই। পেটের তাগিদ, সন্তানের পড়াশোনার খরচ আর ঋণের কিস্তি পরিশোধের চিন্তা নিয়ে বৃষ্টির মধ্যেই জীবিকার সন্ধানে পথে নেমেছেন মঠবাড়িয়ার নিম্ন আয়ের মানুষ।

শনিবার (২১ নভেম্বর) পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করে সড়কে অটোরিকশা চালাচ্ছেন চালকেরা। কেউ রাস্তার পাশে ফলমূল নিয়ে বসেছেন বিক্রির আশায়। তবে বৃষ্টির কারণে যাত্রী ও ক্রেতার উপস্থিতি অনেক কম। অন্যদিকে কাজ না পেয়ে অনেক কৃষিশ্রমিককে অলস সময় কাটাতে হচ্ছে। তবে যারা কাজে বের হয়েছেন, তাঁদেরও আয়-রোজগার নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

অটোরিকশাচালক ছিদ্দিক হোসেনের দিন কাটছে ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তায়। বৃষ্টির মধ্যেও গাড়ি নিয়ে সড়কে নেমেছেন তিনি। ছিদ্দিক হোসেন বলেন, ‘মাথার ওপর কিস্তির চাপ। ঘরে বসে থাকলে তো আর কিস্তির টাকা জোগাড় হবে না। তাই বৃষ্টির মধ্যেই বের হয়েছি। কিন্তু যাত্রী অনেক কম। আজ কিস্তির টাকা জোগাড় করতে পারব কি না, তা নিয়েই চিন্তায় আছি।’

একই অবস্থা গুলিসাখালী ইউনিয়নের কাঁচামাল বিক্রেতা আবুল হোসেনের। বৃষ্টি উপেক্ষা করে ফলমূল নিয়ে বসেছেন বিক্রির আশায়। কিন্তু ক্রেতার দেখা মিলছে না বললেই চলে। তিনি বলেন, ‘বৃষ্টির দিনে বেচাকেনা খুব কম হয়। তবু ছেলের প্রাইভেট পড়ার খরচ ও পরিবারের ভরণপোষণের টাকা জোগাড় করতে দোকানে বসতে হয়েছে। কিন্তু ক্রেতা নেই বললেই চলে।’

নিম্ন আয়ের এসব মানুষের কাছে এক দিনের আয় বন্ধ হয়ে যাওয়া মানেই সংসারের হিসাব-নিকাশে বড় ধরনের টানাপোড়েন। দিন শেষে যা উপার্জন হয়, তা দিয়েই চলে পরিবারের খাবার, সন্তানের পড়াশোনা ও নিত্যপ্রয়োজনীয় খরচ। এর সঙ্গে রয়েছে ঋণের কিস্তি পরিশোধের বাধ্যবাধকতা। ফলে প্রতিকূল আবহাওয়ায় কাজ বন্ধ থাকলে তাঁদের দুশ্চিন্তাও বেড়ে যায়।

বৃষ্টির কারণে একদিকে যেমন কমেছে আয়, অন্যদিকে বেড়েছে অনিশ্চয়তা। তবু জীবিকার তাগিদে ঘরে বসে থাকার সুযোগ নেই তাঁদের। প্রকৃতির বিরূপ আচরণ, কমে যাওয়া ক্রেতা-যাত্রী আর সংসারের বাড়তি চাপ—সবকিছুর সঙ্গে লড়াই করেই দিন পার করছেন মঠবাড়িয়ার শ্রমজীবী মানুষ।

বৃষ্টি হয়তো সাময়িকভাবে থামিয়ে দিতে পারে তাঁদের কাজের গতি, কিন্তু থামাতে পারে না জীবনযুদ্ধ। কারণ, তাঁদের কাছে জীবিকার চেয়ে বড় কোনো অপেক্ষা নেই; পেটের দায়েই প্রতিদিন নতুন করে শুরু হয় বেঁচে থাকার সংগ্রাম।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com