ঘিওরে তেরশ্রীর গণহত্যা দিবস পালন; আজ সেই ভয়াল ২২ নভেম্বর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
শোক, শ্রদ্ধা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পালিত হয়েছে তেরশ্রী গণহত্যা দিবস । ১৯৭১ সালের ২২ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের বর্বর হত্যাযজ্ঞে তেরশ্রী গ্রামে প্রাণ হারান ৪৩ নিরীহ মানুষ ।
শহীদদের স্মরণে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে আজ রবিবার সকাল সাড়ে ৮টায় তেরশ্রী গণহত্যা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা, কালো পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন, শোভাযাত্রা এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা । ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সিনিয়র যুগ্ম সম্পাদক জানে আলম, ঘিওর এলিভেন ব্রাদার্স ক্লাবের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ার, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোশারফ হোসেন মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা । পরে দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে বিএনপির দলীয় কর্মসূচি আলাদাভাবে পালন করা হয় ।
১৯৭১ সালের ২১ নভেম্বর রাতে এদেশীয় দোসরদের নিয়ে তেরশ্রী গ্রামের সেনপাড়া কালীবাড়ি মাঠে গোপন বৈঠক করে পাকিস্তানি হানাদার বাহিনী। ওই বৈঠকেই পরদিনের হত্যাযজ্ঞের পরিকল্পনা করা হয় । ২২ নভেম্বর রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহযোগিতায় গ্রামে চালানো হয় নারকীয় গণহত্যা । বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করা হয় ৪৩ নিরীহ মানুষকে । হত্যাযজ্ঞের পাশাপাশি পুরো গ্রাম ও বাজারে চালানো হয় অগ্নিসংযোগ ।
নিহতদের মধ্যে ছিলেন জমিদার সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী, তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান, কলেজের ছাত্র সাধন কুমার ও বিপ্লব কুমার সাহা, জমিদার বাড়ির পূজারি সচীন্দ্রনাথ গোস্বামী, কলেজের দপ্তরি মাখন চন্দ্র সরকারসহ তেরশ্রী ও আশপাশের এলাকার বাসিন্দারা । এ হত্যাযজ্ঞ ইতিহাসে ‘তেরশ্রী ট্রাজেডি’ নামে পরিচিত ।
শহীদদের স্মরণে পয়লা ইউনিয়নের তেরশ্রী গ্রামে নির্মিত হয়েছে গণহত্যা স্মৃতিস্তম্ভ । ঘিওর-দৌলতপুর ভায়া টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভটি মূল বেদির ওপর ৩০ ও ১৭ ফুট উচ্চতার দুটি স্তম্ভ নিয়ে নির্মিত । স্তম্ভের গায়ে মার্বেল পাথরে খোদাই করা ৩৬ জন শহীদের নাম রয়েছে । বাকি সাতজনের নাম জানা যায়নি । ১৯৯৪ সালের ২৭ ডিসেম্বর স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করা হয় ।
রক্তাক্ত সেই ২২ নভেম্বরের স্মৃতি আজও তেরশ্রীবাসীর বুকে শোক, ক্ষোভ আর বিচারপ্রত্যাশার প্রতীক হয়ে আছে ।