পূর্বধলায় চুরির দুই দিন পর ডায়াগনস্টিক সেন্টারের ৬ লাখ টাকার যন্ত্রপাতি মিলল বস্তায়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম
মোঃ নজরুল ইসলাম :
নেত্রকোনার পূর্বধলায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার থেকে চুরি যাওয়া প্রায় ৬ লাখ টাকা মূল্যের পরীক্ষার যন্ত্রপাতি দুই দিন পর উদ্ধার করা হয়েছে।ু শনিবার (২১ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানটির পেছনে ঝোপঝাড় ও ঘাসের মাঝে বস্তায় রাখা অবস্থায় যন্ত্রপাতিগুলো দেখতে পান সংশ্লিষ্টরা।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অবস্থিত স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের তালা ভেঙে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা এসব যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মধ্যে ছিল একটি অ্যানালাইজার, একটি কালারমিটার, একটি রোটেটর, একটি ইসিজি মেশিন ও একটি সেন্ট্রিফিউজ মেশিন।
ডায়াগনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক শরিফুল ইসলাম জানান, শনিবার সকালে চুরি যাওয়া যন্ত্রপাতিগুলো বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়। তবে কে বা কারা বস্তায় ভরে সেগুলো সেখানে রেখে গেছে, এ বিষয়ে তাঁরা নিশ্চিত নন।
এদিকে পাশের একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে একই ধরনের বস্তা হাতে ও কাঁধে নিয়ে ৫ থেকে ৬ জন নারী-পুরুষ স্টেশন বাজারের দিক থেকে পশ্চিম দিকে হেঁটে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, তাঁদের বহন করা বস্তার মধ্যেই চুরি যাওয়া যন্ত্রপাতি ছিল। তবে ফুটেজে দেখা ব্যক্তিরাই যন্ত্রপাতিগুলো সেখানে রেখে গেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চুরি যাওয়া মূল্যবান যন্ত্রপাতি ফিরে পাওয়ায় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে কারা চুরির সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে চুরি করা মালামাল আবার সেখানে রেখে গেছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও রহস্য তৈরি হয়েছে।