গঙ্গাচড়ার বেতগাড়ীতে জামায়াতের শ্রমিক সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০৪ এএম

রফিকুল ইসলাম সাবুল : (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত শ্রমিক সংগঠনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (২১ নভেম্বর) উপজেলার বেতগাড়ী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁরা বিএনপিতে যোগ দেন।

যোগদানকারীরা বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত গঙ্গাচড়া অটোরিকশা, ঠেলাগাড়ি ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী বলে জানা গেছে।

যোগদান অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জাকিউর রহমান বলেন, অনেক আশা নিয়ে তাঁরা জামায়াতে ইসলামী-সমর্থিত শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে দলটির পক্ষে কাজ করেছেন। তবে নির্বাচনের পর গঙ্গাচড়ার জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি। বরং তাঁদের অবহেলার চোখে দেখা হয়েছে।

সংগঠনটির সহসভাপতি মো. আশরাফুল ইসলাম বলেন, জামায়াতকে সমর্থন করে তাঁরা ভুল করেছেন বলে মনে করছেন। তাঁদের প্রত্যাশা ছিল, দলটির নেতারা অভিভাবকের ভূমিকা পালন করবেন। কিন্তু নির্বাচনের পর নেতারা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।

সংগঠনের সদস্য মো. মনিরুজ্জামান বলেন, তাঁরা আশা নিয়ে জামায়াতকে ভোট দিয়েছিলেন। কিন্তু দলটির নেতারা তাঁদের প্রত্যাশা পূরণ করেননি।

সংগঠনটির সহসাধারণ সম্পাদক আল আমিন বলেন, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুধু বেতগাড়ী নয়, পুরো গঙ্গাচড়া উপজেলায় জামায়াতের সভা-সমাবেশে তাঁরা অংশ নিয়েছেন। কিন্তু বর্তমানে কোনো প্রয়োজনে দলটির নেতাদের পাশে পাওয়া যাচ্ছে না। তাঁর ভাষায়, ‘মানুষের মাথার ওপর থেকে যখন ছাতা হারিয়ে যায়, তখন তাকে বিকল্প পথ খুঁজতে হয়। তাই সংগঠনের উন্নয়নের স্বার্থে আমরা সবাই বিএনপিতে যোগ দিয়েছি।’

যোগদান অনুষ্ঠানে বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল ইসলাম বলেন, শতাধিক নেতাকর্মী তাঁদের সংগঠনের প্রতি আস্থা রেখে বিএনপিতে যোগ দিয়েছেন। এ যোগদানের মধ্য দিয়ে এলাকায় পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপন নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, তাঁদের এই যোগদানে বেতগাড়ী বিএনপি আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে এলাকার রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

তবে এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com