শ্রীপুরে বিকাশের ৩ কোটি টাকা লুট: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বিকাশের কর্মীদের বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে তিন কোটি টাকা লুট ও গুলি করে তিনজনকে আহত করার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ইমরান শেখ (২৪) গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ডের চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে রবিন আহম্মেদ (২২)কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ডিবি পুলিশের ইন্সপেক্টর হাসমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার দুজনকে ডাকাতি ও অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ৯ অক্টোবর সন্ধ্যায় শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় ১০-১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বিকাশের কর্মীদের বহনকারী প্রাইভেটকারের গতিরোধ করে। পরে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে চারটি টাকার বস্তার মধ্যে তিনটি নিয়ে পালিয়ে যায়। ওই তিন বস্তায় তিন কোটি টাকা ছিল।
হামলায় হিসাব বিভাগের ব্যবস্থাপক হিমেল আহমেদ গুলিবিদ্ধ হন। আহত হন ক্রেডিট ম্যানেজার ফাহাদ হোসেন, সুপারভাইজার রিফাত ও গাড়িচালক লাল মিয়া। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর গাজীপুরে উন্নত চিকিৎসা দেওয়া হয়।
ডিবি জানিয়েছে, ইমরানের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় সাতটি এবং রবিনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।