বর্ণাঢ্য আয়োজনে ইবির ৪৮তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম
ওসমান গণি, ইবি প্রতিনিধি :
ঝাঁকজমকপূর্ণ আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্যাপন কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশিদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে হলগুলোতে সকাল ১০টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়, এবং কর্মকর্তা ও বিভাগভিত্তিক শিক্ষক-শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধভাবে কেন্দ্রীয় মাঠে সমবেত হন। পরে উপাচার্যের নেতৃত্বে সবার অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অফিস, ইনস্টিটিউট, আবাসিক হল, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শেষ হয়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের ৪৮ বছরে পদার্পণ উপলক্ষ্যে ৪৮ পাউন্ডের কেক কাটা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, প্রশাসন ভবন, ভিসি বাংলো, ভিত্তিপ্রস্তর চত্বর ও ডায়না চত্বর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কে আলপনা অঙ্কন ও রঙিন পতাকা দিয়ে সাজানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অর্জন, লক্ষ্য ও পরিকল্পনা বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, প্রতিষ্ঠার ৪৮ বছর পার করে কিছু প্রাপ্তি-অপ্রাপ্তি রয়েছে। দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য স্বতন্ত্র। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা, নৈতিকতা এবং মূল্যবোধের সমন্বয়ে একটি যোগ্য, দক্ষ গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, দীর্ঘদিন যাবৎ এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য ভূলুণ্ঠিত করে অন্যভাবে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করার প্রথম দিন থেকেই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে কাজ শুরু করেছি এবং এই যাত্রা অব্যাহত থাকবে। তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যা সবাইকে নিয়ে আমরা একজোটে কাজ করলে চ্যালেঞ্জ অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাতে পারব।
উল্লেখ্য, ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ে দেশের উচ্চশিক্ষায় ভূমিকা রাখা ও উন্নত জাতি গঠনের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী শান্তিডাঙ্গা-দুলালপুরে ১৭৫ একর জমির ওপর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত এটিই প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়, যা আজ গৌরবময় যাত্রার ৪৮ বছরে পদার্পণ করেছে।