শরিফুলকে আটকের পর গ্রামবাসীর প্রতিবাদ, ৪৭ পিস ইয়াবা জব্দ করে পুলিশ

ইয়াবা রেখে ফাঁসানোর অভিযোগে দক্ষিণ ভাগবানপুরে গণপিটুনির শিকার শাকিল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ এএম

মোঃ মোস্তাকিন হোসেন, ধামইরহাট উপজেলা প্রতিনিধি( নওগাঁ) :

দক্ষিণ ভাগবানপুর গ্রামে ৪৭ পিস ইয়াবা রেখে শরিফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শাকিল নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছেন বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ভাগবানপুর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামকে মাদক মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে একটি বাড়িতে ৪৭ পিস ইয়াবা রাখা হয় বলে অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরিফুল ইসলামকে আটক করে। এ সময় তাঁর আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হন। তাঁরা শরিফুলকে নিরীহ ও নির্দোষ দাবি করে আটকের প্রতিবাদ জানান। একপর্যায়ে গ্রামবাসীর প্রতিবাদের মুখে পুলিশ তাঁকে ছেড়ে দেয় এবং ঘটনাস্থল থেকে ৪৭ পিস ইয়াবা জব্দ করে।

এদিকে, শরিফুল ইসলামকে ফাঁসানোর ঘটনার পেছনে শাকিলের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন স্থানীয়রা। শাকিলকে ভুয়া সাংবাদিক দাবি করে তাঁর বিরুদ্ধে অতীতেও বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন গ্রামবাসী। এসব অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় গ্রামবাসী একটি সালিশের আয়োজন করেন। সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে বিক্ষুব্ধ লোকজন শাকিলকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com