মানসম্মত শিক্ষার ভিত গড়তে চাই গবেষণা, মানবিকতা ও শিক্ষক-অভিভাবকের সমন্বয়

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম

শিক্ষা একটি জাতির উন্নয়ন, সভ্যতা ও অগ্রগতির প্রধান ভিত্তি। একটি দেশ কতটা উন্নত, তা শুধু তার অবকাঠামো, অর্থনৈতিক প্রবৃদ্ধি কিংবা প্রযুক্তিগত সক্ষমতা দিয়ে পরিমাপ করা যায় না; বরং সেই দেশের শিক্ষাব্যবস্থা কতটা বাস্তবমুখী, বিজ্ঞানমনস্ক, মানবিক ও কর্মোপযোগী, তার ওপরও নির্ভর করে জাতির প্রকৃত অগ্রগতি। অথচ আমাদের দেশে শিক্ষার বিস্তার ঘটলেও গুণগত মান, গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা এবং বাস্তব জীবনে শিক্ষার প্রয়োগ এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরিবর্তন এসেছে পাঠ্যক্রমে, পরীক্ষা পদ্ধতিতে এবং শিক্ষাদানের কৌশলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব পরিবর্তন শিক্ষার্থীদের কতটা দক্ষ, সৃজনশীল ও বাস্তবজীবনের উপযোগী করে তুলতে পারছে? শিক্ষার উদ্দেশ্য কি কেবল পরীক্ষায় ভালো ফল কিংবা সনদ অর্জন, নাকি একজন মানুষকে যোগ্য, বিবেকবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে শিক্ষাব্যবস্থাকে নতুন করে মূল্যায়ন করতে হবে।

আমাদের শিক্ষার অন্যতম দুর্বলতা হলো গবেষণার সংস্কৃতির অভাব। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন করার প্রবণতা, অনুসন্ধিৎসা, বিশ্লেষণী চিন্তা ও উদ্ভাবনী ক্ষমতা গড়ে তোলার ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। ফলে অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা নিয়ে পিছিয়ে থাকে। চিকিৎসা, প্রযুক্তি, প্রকৌশল, গবেষণা কিংবা উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন ক্ষেত্রে বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ জনবলের ওপর নির্ভরশীলতা তারই একটি প্রতিফলন। এই নির্ভরতা কমাতে হলে শিক্ষাকে বাস্তবমুখী, গবেষণানির্ভর ও কর্মোপযোগী করে গড়ে তুলতে হবে।

এ ক্ষেত্রে শিক্ষা গবেষণার বিকল্প নেই। শিক্ষণ-পদ্ধতি, শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং প্রযুক্তির ব্যবহার—প্রতিটি বিষয় নিয়ে নিয়মিত গবেষণা প্রয়োজন। বাংলাদেশে ব্যানবেইস, নায়েম, বিআইডিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা নিয়ে গবেষণা ও নীতিগত উন্নয়নে কাজ করছে। এসব উদ্যোগকে আরও শক্তিশালী করতে হবে। গবেষণার ফলাফল যেন কেবল প্রতিবেদন বা সেমিনারে সীমাবদ্ধ না থাকে, বরং শিক্ষা পরিকল্পনা ও শ্রেণিকক্ষের বাস্তব পাঠদানে প্রতিফলিত হয়, তা নিশ্চিত করা জরুরি।

তবে মানসম্মত শিক্ষার প্রধান চালিকাশক্তি শিক্ষক। একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের বিষয়বস্তু পড়ান না; তিনি শিক্ষার্থীর চিন্তা, মূল্যবোধ, আচরণ ও ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখেন। তাই শিক্ষকের বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি আধুনিক পাঠদান কৌশল, প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং শিক্ষার্থীর মনস্তত্ত্ব বোঝার সক্ষমতা থাকতে হবে। শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, পেশাগত মর্যাদা, ন্যায্য সুযোগ-সুবিধা এবং স্বাধীনভাবে সৃজনশীল পাঠদানের পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

শিক্ষার সঙ্গে আবেগের সম্পর্কও অত্যন্ত গভীর। ভয়, অপমান ও শাস্তিনির্ভর পরিবেশে শিক্ষার্থীর প্রকৃত মেধা বিকশিত হয় না। বরং আনন্দ, কৌতূহল, উৎসাহ ও নিরাপত্তাবোধ শেখার আগ্রহ বাড়ায়। একজন শিক্ষক যখন শিক্ষার্থীর অনুভূতি বুঝতে পারেন, ভুল করার সুযোগ দেন এবং ছোট অর্জনেও উৎসাহিত করেন, তখন শিক্ষার্থীর আত্মবিশ্বাস তৈরি হয়। ফলে শ্রেণিকক্ষ হয়ে ওঠে অনুসন্ধান ও সৃজনশীলতার জায়গা। শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়; সহমর্মিতা, নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ তৈরি করাও এর গুরুত্বপূর্ণ অংশ।

এ ক্ষেত্রে অভিভাবকদের দায়িত্বও কম নয়। একজন শিক্ষার্থী দিনের একটি নির্দিষ্ট সময় বিদ্যালয়ে কাটায়, আর বাকি সময়ের বড় অংশ থাকে পরিবারের সঙ্গে। ফলে তার শিক্ষা, আচরণ ও মানসিক বিকাশে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের শুধু পরীক্ষার ফল, শ্রেণিতে অবস্থান কিংবা জিপিএ নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। সন্তান কী শিখছে, তার কোনো মানসিক চাপ আছে কি না, বিদ্যালয়ে নিয়মিত যাচ্ছে কি না এবং তার মধ্যে নৈতিক ও সামাজিক মূল্যবোধ তৈরি হচ্ছে কি না—এসব বিষয়েও নজর দিতে হবে।

শিক্ষক ও অভিভাবকের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা করা প্রয়োজন। সপ্তাহে অন্তত এক দিন সন্তানের পড়াশোনা ও আচরণ সম্পর্কে শিক্ষকের সঙ্গে কথা বলার অভ্যাস গড়ে তোলা যেতে পারে। একই সঙ্গে অন্য শিক্ষার্থীদের প্রতিও সহমর্মী হতে হবে। শুধু নিজের সন্তানকে ভালো ফলাফলের প্রতিযোগিতায় এগিয়ে রাখার মানসিকতা থেকে বেরিয়ে এসে বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতা করতে হবে।

অন্যদিকে, শিক্ষার্থীদেরও দায়িত্বশীল হতে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, প্রযুক্তি ও সমসাময়িক বিষয় পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। দুর্বল সহপাঠীদের সহযোগিতা করা, শিক্ষকের পাঠদানে মনোযোগী হওয়া, নিয়মিত অধ্যয়ন এবং নিজের ভুল থেকে শেখার মানসিকতা তৈরি করতে হবে। পরীক্ষার ফলাফলের চেয়ে জ্ঞান অর্জন ও দক্ষতা বিকাশকে বেশি গুরুত্ব দিতে হবে।

আমাদের শিক্ষাব্যবস্থায় ঘন ঘন পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যক্রম পরিবর্তনের প্রবণতাও পরিহার করা প্রয়োজন। যেকোনো পরিবর্তনের আগে পর্যাপ্ত গবেষণা, পরীক্ষামূলক প্রয়োগ এবং শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্ট পক্ষের মতামত গ্রহণ করা জরুরি। শিক্ষা কোনো তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্র নয়; এটি একটি জাতির দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্মাণের প্রক্রিয়া।

রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাকে মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশের সঙ্গে যুক্ত করেছিলেন। সেই দর্শনের আলোকে আমাদের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে, যেখানে শিক্ষার্থী শুধু তথ্য মুখস্থ করবে না, বরং চিন্তা করতে শিখবে, প্রশ্ন করতে শিখবে, মানবিক হতে শিখবে এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে।

একুশ শতকের বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সনদনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে দক্ষতা, গবেষণা, উদ্ভাবন ও মানবিকতানির্ভর শিক্ষার দিকে এগোতে হবে। এ জন্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী—সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। মনে রাখতে হবে, শিক্ষার প্রকৃত সাফল্য শুধু কতজন শিক্ষার্থী পাস করল, তার হিসাব দিয়ে নির্ধারিত হয় না; বরং শিক্ষা গ্রহণের পর কতজন দক্ষ, সৎ, বিবেকবান ও মানবিক মানুষ হিসেবে সমাজে অবদান রাখতে পারল, সেটিই হবে মানসম্মত শিক্ষার প্রকৃত মাপকাঠি। কারণ শিক্ষিত মানুষ তৈরি করাই শিক্ষার শেষ কথা নয়, আলোকিত মানুষ তৈরি করাই শিক্ষার মূল লক্ষ্য।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com