সোনারগাঁওয়ে মধ্যে রাতে মার্কেটে আগুন, ৮টি দোকান পুড়ে ছাই
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম
সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার চানু ব্যাপারীর মার্কেটের অন্তত ৭/৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টার পর দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা যায়, রাত ১টার দিকে মঙ্গলেরগাঁও এলাকার চানু ব্যাপারীর মার্কেটের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে ওই মার্কেটের তিনটি মুদি দোকান, একটি কামারের দোকান এবং বেশ কয়েকটি কাঁচাবাজারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই ঘটনায় তাদের প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো উৎস থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।