চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের মামলায় তিনজনের যাবজ্জীবন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানায় ২ হাজার ৭৫০ গ্রাম ইয়াবা উদ্ধারের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে মো. আলম (৩৯), ইব্রাহিম মিয়ার স্ত্রী সেনোয়ারা বেগম (২৭) এবং খুরুশকুল এলাকার মৃত ইমাম শরীফের ছেলে মোশারফ আলী (৩৮)।
আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন জানান, মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় তিন আসামিই পলাতক ছিলেন। তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ জুলাই চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার মীর ফিলিং স্টেশনের বিপরীতে রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে অভিযান চালিয়ে আলম, মোশারফ আলী ও সেনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের বহন করা ব্যাগ তল্লাশি করে মোট ২ হাজার ৭৫০ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার মধ্যে আলমের কাছ থেকে ১ হাজার ১০০ গ্রাম, মোশারফ আলীর কাছ থেকে ৮৬৫ গ্রাম এবং সেনোয়ারা বেগমের কাছ থেকে ৭৮৫ গ্রাম ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের তৎকালীন সদস্য খালিদুর রহমান বাদী হয়ে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।