মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব কথিত কর্মীর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচালক পরিচয়ে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাসে এক নারীর কাছ থেকে ৪২ হাজার টাকা নেওয়া এবং পরে অনৈতিক প্রস্তাব ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নুর আলম সিদ্দিক নামে এক কথিত মানবাধিকারকর্মীর বিরুদ্ধে।
এ ঘটনায় মোছা. খাদিজা আক্তার শান্তা (২৫) নামে ওই নারী মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মিস্ত্রিপাড়া গ্রামের মৃত মফেল উদ্দিনের মেয়ে।
অভিযুক্ত নুর আলম সিদ্দিক সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পূর্ব সীচা গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি কথিত বাংলাদেশ মানবাধিকার কমিশনের সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে পরিচয় দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, খাদিজা আক্তার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার বাদী। মামলাটি বর্তমানে তদন্তাধীন। এ মামলার সূত্রে থানায় যাতায়াতের সময় নুর আলম সিদ্দিকের সঙ্গে তার পরিচয় হয়। নুর আলম নিজেকে মানবাধিকার কমিশনের সুন্দরগঞ্জ উপজেলা শাখার পরিচালক পরিচয় দিয়ে মামলায় ন্যায়বিচার পাইয়ে দেওয়া এবং পত্রিকায় বিষয়টি প্রচারের আশ্বাস দেন। এ জন্য তিনি ওই নারীর কাছে টাকা দাবি করেন। সরল বিশ্বাসে টাকা দিতে সম্মত হলে গত ৭ অক্টোবর সকাল ১১টার দিকে তাকে নিজের বাসায় নিয়ে প্রথমে ১০ হাজার টাকা নেন। পরে বিভিন্ন সময়ে আরও ৩২ হাজার টাকা নেন। সব মিলিয়ে তার কাছ থেকে ৪২ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
খাদিজা আক্তারের অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ না হওয়ায় তিনি টাকা ফেরত চান। এ সময় নুর আলম তাকে নিজের বাসায় ডেকে নিয়ে অনৈতিক কাজে সম্মত হতে বলেন। এতে রাজি না হওয়ায় পুলিশ সুপারের কার্যালয়ের লোগো দেখিয়ে তার কথা না শুনলে বড় ধরনের ক্ষতি করা এবং ডিবি পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে হাজতে পাঠানোর ভয়ভীতি ও হুমকি দেন।
স্থানীয়দের অভিযোগ, বালু ব্যবসায়ী, দাদন ব্যবসায়ী ও মাদকসেবীদের নিয়ে কথিত মানবাধিকার কমিশনের উপজেলা কমিটি গঠন করেছেন নুর আলম। ওই কমিশনের পরিচয় ব্যবহার করে তিনি ও তার একটি দল বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা ও হয়রানি করেন। বিভিন্ন স্থানে যত্রতত্র ভিডিও ধারণ করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এ ছাড়া ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সহজ-সরল সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এসব কর্মকাণ্ডে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও অস্বস্তি ও উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি তাদের।
এদিকে, বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাটির নিবন্ধন ২০২০ সালে বাতিল করে এনজিও বিষয়ক ব্যুরো। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ব্যুরোর ২০২০ সালের ২ জুলাই জারি করা আদেশে সংস্থাটির নিবন্ধন নম্বর ১৬০৫ বাতিলের কথা উল্লেখ রয়েছে। বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন-২০১৬-এর ১৫ ধারার (খ) উপধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আদেশে নিবন্ধন বাতিলের কারণ হিসেবে বিদেশি অনুদানের অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতা, নিবন্ধন নবায়নে বিলম্ব এবং সংস্থার নাম থেকে 'কমিশন' শব্দটি বাদ দেওয়ার নির্দেশনা অমান্য করার বিষয় উল্লেখ করা হয়েছে। আদেশে আরও বলা হয়, নিবন্ধন বাতিলের পর ওই সংস্থা কোনো কার্যক্রম পরিচালনা করলে তা অবৈধ বলে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
আদেশে আরও উল্লেখ করা হয়, জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। সরকার বা আদালতের বিশেষ আদেশে গঠিত কমিশন ছাড়া অন্য কোনো বেসরকারি বা স্বেচ্ছাসেবী সংস্থার নামে 'কমিশন' শব্দ ব্যবহার আইনানুগ নয়।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কথিত মানবাধিকারকর্মী নুরে আলম সিদ্দিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, 'এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য থানার সেকেন্ড অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
তিনি আরও বলেন, 'কথিত মানবাধিকারকর্মী নুর আলমকে এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে ইতোপূর্বে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছিল। তবুও তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত হননি।'